দৈনিক ৭৮ কোটি রুপি ক্ষতি বিরোধী দলের কারণে: ভারতের মন্ত্রী
ভারতের সংসদবিষয়ক ইউনিয়নমন্ত্রী ভি নারায়নাসামি বলেছেন, সংসদে বিরোধী দলের সৃষ্ট অচলাবস্থার কারণে দৈনিক ৭৮ কোটি রুপি ক্ষতি হচ্ছে। তিনি আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন। ভি নারায়নাসামি সাংবাদিকদের জানান, বিরোধী দল সংসদে গঠনমূলক বিতর্কের সৃষ্টি না করে ক্ষমতাসীন দল ইউপিএর বিরুদ্ধে বিভিন্ন কুত্সা ও দুর্নাম বর্ণনা করতে ব্যস্ত থাকে। এর ফলে দৈনিক ৭৮ কোটি রুপির ক্ষতি হচ্ছে। তিনি আরও জানান, তাঁরা সংসদে এসে শুধু টুজি স্পেকট্রামসংক্রান্ত দুর্নীতির অভিযোগ জেপিসি কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানান। অথচ আলোচনার জন্য এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিরোধী দল এভাবে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে চায় বলে অভিযোগ করেন তিনি।নারীর আসন সংরক্ষণ ও শ্রমকল্যাণসংক্রান্ত বিল এবং জিপমারের কর্মচারীদের দাবিদাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ভি নারায়নাসামি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সংসদে চলমান অচলাবস্থার কারণে আলোচনায় উঠে আসছে না। —পিটিআই