খাদ্য ও পোশাকে বিষাক্ত এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার রোধে দোকান ও কারখানাগুলোতে তদারক করে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন ও পরিবেশসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে এসব কাজে দায়ীদের শাস্তি প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না এবং প্রয়োজনে আইন বা অধ্যাদেশ প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।খাদ্যদ্রব্য বিশেষ করে ফল, মিষ্টি, মানুষের ব্যবহারযোগ্য পোশাকে ফরমালিন, মেলামিন, কার্বাইড, পুড়ে যাওয়া মবিল, বিষাক্ত রাসায়নিক, সালফার ডাই-অক্সাইডসহ বিষাক্ত দ্রব্যাদি মেশানো রোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ঢাকার কলাবাগানের বাসিন্দা মো. শওকত আলী গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেন।আজ রিটের ওপর শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।