দোকান বন্ধ রেখেছেন মাল্টিপ্ল্যান মার্কেটের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের কিছু ছাত্রের হামলা ও হুমকির প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। একই সঙ্গে তাঁরা দোষীদের বিচার দাবি করেন। নিউমার্কেট থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাল্টিপ্ল্যান মার্কেটের ব্যবসায়ী কমিটি গঠন নিয়ে কমিটি থেকে সদ্য বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তালুকদার ওরফে শ্যামলের সঙ্গে বাকি ব্যবসায়ীদের দ্বন্দ্ব আছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজছাত্রদের ৩৫ থেকে ৪০ জনের একটি দল মার্কেটে এসে গেটে থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে। তারা মার্কেটের ব্যবসায়ীদের হুমকি দেয়। এ সময় ব্যবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ জানায় এবং রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে এলিফ্যান্ট রোড পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।এলিফ্যান্ট রোড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ঢাকা কলেজের কিছু ছাত্র এসে নিরাপত্তাকর্মীদের মারধর এবং ব্যবসায়ীদের হুমকি দিয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রেখেছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি তৌফিক এহসান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শ্যামলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠায় ব্যবসায়ী নেতারা তাঁকে কয়েক দফায় সতর্ক করেন। কিন্তু তিনি তাঁর আচরণ ঠিক না করায় সপ্তাহখানেক আগে মার্কেটের সব ব্যবসায়ী একমত হয়ে কমিটি থেকে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি দাবি করেন, আজ শ্যামল ঢাকা কলেজ থেকে অনেক ছাত্রদের এনে মার্কেটে আতঙ্ক সৃষ্টি ও নিরাপত্তাকর্মীদের মারধর করে। প্রতিবাদে ব্যবসায়ীরা মার্কেট বন্ধ করে দেন।তবে এসব অভিযোগ অস্বীকার করে মনোয়ার হোসেন তালুকদার দাবি করেছেন, এগুলো ভিত্তিহীন। কোনো কারণ ছাড়াই তাঁকে সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর অভিযোগ, সমিতির বর্তমান সভাপতি তৌফিক এহসানের কাছে ব্যবসায়ীরা জিম্মি। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিদ্যুত্ বিলের নামে টাকা তুলে তা জমা দেননি। তিনি দাবি করেন, তাঁর দোকানের একজন কর্মীকে আটকে রাখা হয়েছে—এমন খবর শুনে তিনি মার্কেটে যান। সভাপতির লোকজন তাঁকে বাধা দেয়। তাঁর দোকানে লুটপাট করা হয়।