দোকান বরাদ্দ নীতিমালার সমালোচনা করেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দোকান বরাদ্দ নীতিমালার সমালোচনা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার সংসদ ভবনে কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী প্রথম আলোকে বলেন, ঢাকার মেয়র সাদেক হোসেন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দের ক্ষেত্রে ২৫ শতাংশ কোটা নিজের হাতে রেখেছেন। এর মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনে দুর্নীতির বিস্তার ঘটেছে। এমনটা দেশের অন্য কোনো সিটি করপোরেশনে নেই। ‘আমার কাছে প্রমাণ আছে, সিটি করপোরেশন দোকান বরাদ্দ দিয়ে ৪০ লাখ টাকা নেওয়া হয়েছে। অথচ রসিদ দিয়েছে ২৫ লাখ টাকার। বিষয়গুলো আমাদের কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে।’বৈঠকে কমিটি মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।গাজীপুর ও নারায়ণগঞ্জকে সিটি করপোরেশনে পরিণত করার সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করার সুপারিশও করা হয়।এ ছাড়া ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে দখল হয়ে যাওয়া খাল উদ্ধারসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঢাকার জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর নালা পরিষ্কার রাখার জন্য ঢাকা সিটি করপোরেশনকে ওয়াসার সঙ্গে সমন্বয় করে কাজ করার সুপারিশ করা হয়।বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফুন নেছা মোশারফ প্রমুখ অংশ নেন।