চুরি-ফিতার দোকান ২০টির মতো, ছাতা-পাটি-চশমার দোকান আরও গোটা দশেক, পাশেই চুলা বানিয়ে ভাত রান্না করা হচ্ছে, পান-সিগারেটের দোকানও রয়েছে, আর এক কোণে চলছে জুয়ার আসর। আবর্জনায় পূর্ণ আশপাশ এলাকা। অথচ এটি একটি সরকারি উপস্বাস্থ্যকেন্দ্র। বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর বাজারে এর অবস্থান। ১৮ এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষের স্বাস্থ্যসেবার দেখভাল যে কেন্দ্রটির ওপর নির্ভরশীল, তার প্রতিটি দরজাতেই তালা ঝুলছে। এলাকায় বৈশাখী মেলা চলছে। মেলার হরেক রকম দোকানে ভরে গেছে স্বাস্থ্যকেন্দ্র এলাকা। স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসক-কর্মচারী সব মিলিয়ে কর্মরত মাত্র একজন। নাম রফিকুল ইসলাম (৩২)। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ডিপ্লোমা চিকিৎসক) পদ তাঁর। এলাকার মানুষ তাঁকেই ‘ডাকতোর’ হিসেবে চেনে। তিনিই এই স্বাস্থ্যকেন্দ্রের সব কাজ করেন। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রেখে তিনি পাশের একটি কামরায় ঘুমাচ্ছিলেন। ওখানেই আবাস গড়েছেন তিনি।অনেক চেষ্টার পর রফিকুল ইসলামের দেখা মিললে প্রথমে তিনি নিজেকে ‘হাসপাতালের ডাকতার’ পরিচয় দেন। তাঁর কাছে স্বাস্থ্যকেন্দ্রটির এমন অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এলাকার লোকজন মেলা করছে। স্থান সংকুলান না হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দোকান বসিয়েছে। তিনি ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানাতে পারেননি। তবে ওপরমহল বিষয়টি জানে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, মেলার কারণে লোকজন না আসায় স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রেখেছেন। তবে রোগী এলে এর মধ্যেই তিনি চিকিৎসা দিতে পারবেন। ওই স্বাস্থ্যকেন্দ্র এলাকায় দুই ঘণ্টা অবস্থান করেও কোনো রোগীকে আসতে দেখা যায়নি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপস্বাস্থ্যকেন্দ্রটি কোনো দিনই নির্ধারিত সময়ে খোলা হয় না। সরকারি নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকার কথা। কিন্তু ওই স্বাস্থ্যকেন্দ্রের তালা কোনো দিনই সকাল সাড়ে ১০টার আগে খোলা হয় না। আবার দুপুর একটায় জোহরের আজান শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন তাঁরা ওই স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসককে দেখেননি।খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৭ সালে নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় গাংনগর বাজারে উপস্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হয়। তখন এখানে চিকিৎসক, সহচিকিৎসক, ফার্মাসিস্ট, পিয়ন ও গার্ডের পাঁচটি পদ ছিল। তাঁদের থাকার জন্য কোয়ার্টারও নিমার্ণ করা হয়। শুরুর দিকে চিকিৎসাসেবা ভালোভাবে দেওয়া হয়। কিন্তু কয়েক বছর পরেই এসব চিকিৎসক-কর্মচারী এলাকা ত্যাগ করেন। পরে তাঁদের বেতন-ভাতা সঠিকভাবে দিতে না পেরে তাঁদের অন্য খাতে স্থানান্তর করা হয়েছে। এলাকার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (৪০) বলেন, এ ইউনিয়নবাসীর কাছে স্বাস্থ্যকেন্দ্র নয়, গ্রামের পল্লী চিকিৎসক তাঁদের বিপদের সঙ্গী। এ জন্য লোকজনকে বেশি টাকা খরচ করতে হয়। তাই চিকিৎসাসেবার জন্য অনেক মানুষকে ধারদেনা করে চিকিৎসার খরচ চালাতে হয়। সরকারি চিকিৎসা নিতে গেলে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হবে।কৃষক হারিছ উদ্দিন (৪০) বলেন, ‘মানষে ভুল্যাই গ্যাচে এটি দাকতার দ্যাকান হয়। হাসপাতালডাত দাকতার না থাকায় এলাকার মানষের অনেক সমস্যা। বড় কোনু অসুখ হলে উগীগ ২৫ মাইল দূরোত বগুড়াত লিয়া যাওয়া লাগে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবদুল গফুর প্রথম আলোকে জানান, উপস্বাস্থ্যকেন্দ্র এলাকায় মেলার দোকান বসার বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। তবে উপস্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকা প্রসঙ্গে বলেন, ‘এখনই ফোন করে জেনে নিচ্ছি। এ রকম তো হওয়ার কথা নয়।’