সরকারঘোষিত মজুরির প্রতিবাদে গতকাল শুক্রবার পোশাকশ্রমিকেরা রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর করেছেন। সকাল সাড়ে আটটা থেকে তিন ঘণ্টা ধরে তাঁরা বিক্ষোভের নামে বিপণিবিতান, ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় ২০০ স্থাপনা ও যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ৫০ জন আহত হন। এ ঘটনায় দুই থানায় মোট চারটি মামলা হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার বিকেলে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা করে সরকার। শ্রমিকেরা পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ আগামী মাস থেকেই তা কার্যকর করার দাবিতে রাস্তায় নামেন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, পাঁচ-ছয় হাজার পোশাকশ্রমিক গতকাল সকালে কাজে যোগ না দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কারখানার সামনে জমায়েত হন। তেজগাঁও শিল্পাঞ্চলে কয়েকটি কারখানা ও কারখানার সামনে রাখা যানবাহন ভাঙচুর করে তাঁরা। ন্যূনতম মজুরি নিয়ে কয়েক দিনের চলমান শ্রমিক অসন্তোষের কারণে এ এলাকায় গতকাল বেশির ভাগ কারখানাই বন্ধ ছিল। কারখানার সামনে থেকে শ্রমিকদের ছোট ছোট জটলা সকাল সোয়া আটটা থেকে রাস্তায় এসে জড়ো হয়। সাড়ে আটটার দিকে তেজগাঁও এলাকায় শ্রমিকদের সংখ্যা কয়েক হাজার হয়। শ্রমিকেরা কারওয়ান বাজারসংলগ্ন এফডিসি ক্রসিং থেকে শুরু করে সাতরাস্তা-মহাখালী থেকে বনানী ক্রসিং, তেজগাঁও-গুলশান লিংক রোড পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নেন। তখন তেজগাঁও, বিমানবন্দর ও গুলশান সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলো ভয়াবহ যানজটের কবলে পড়ে। এফডিসি সিগন্যাল থেকে শুরু করে সাতরাস্তা, মহাখালী বাসস্ট্যান্ড থেকে বনানী পর্যন্ত রাস্তা শ্রমিকেরা দখলে নিয়ে বিক্ষোভ করেন।সকালে ফাঁকা রাস্তায় শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে কিছু যানবাহন ভাঙচুর করেন। মহাখালী ক্রসিং পুরোপুরি দখলে নিয়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করেন তাঁরা। সকাল সাড়ে নয়টার দিকে মহাখালী ও গুলশান এলাকায় শত শত শ্রমিক রাস্তায় নামেন। তাঁদের সঙ্গে তেজগাঁও এলাকারও কিছু শ্রমিকও যোগ দেন। হাতে লাঠিসোঁটা ছিল। সকাল নয়টার দিকে তাঁরা মহাখালীর আমতলী থেকে গুলশান-১ হয়ে গুলশান-২ পর্যন্ত মিছিল করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা দুই ঘণ্টা ধরে মহাখালী (আমতলী), ওয়্যারলেস গেট হয়ে গুলশান-১ ও ২-এর রাস্তার দুই ধারের দুই শতাধিক দোকান, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, হোটেল, মার্কেট ও যানবাহনে ভাঙচুর চালান। যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়: নাভানা শপিং কমপ্লেক্স, জারা মার্কেট, হাবিব সুপার মার্কেট, মলয় ক্যাপিটাল সেন্টার, ম্যাসিভ লাইটিং হাউস, সিমেন্স শোরুম, সেফরন, কাদেরিয়া টাওয়ার, অ্যাসেট ডেভেলপমেন্ট, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, স্যামসং শোরুম, ট্রাফেল রেস্টুরেন্ট, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, স্যোশাল ইসলামিক ব্যাংক, এনসিসি ব্যাংক ও ওয়ান ব্যাংক। এ ছাড়া চেকোস্লোভাকিয়া কাউন্সিলরের কার্যালয়, মেয়র ভবন, গ্রামীণফোন কাস্টমার কেয়ার, কুমুদিনী ট্রাস্ট, শপার্স ওয়ার্ল্ড, সুপার শপ আগোরা, নাফি টাওয়ার, উদয় টাওয়ার, বেজ গ্যালারি, নাভানা ফার্নিচার, লোটাস কামাল টাওয়ার-২, সুবাস্তু ইমাম স্কয়ার, মলি টাওয়ার, আর এম সেন্টার, জব্বার টাওয়ার, হোটেল ওয়াশিংটন, রূপায়ণ সেন্টার, রয়্যাল থাই রেস্টুরেন্ট, আলমাস সুপার শপ, হোটেল ওয়াশিংটন, বাটারফ্লাই শোরুম, র্যাংগস মোটর, মিতসুবিশি মোটরস, জেসন ওষুধ কোম্পানি, অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্ট, বনানীর চেয়ারম্যানবাড়িতে এ আর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডসহ প্রভৃতি প্রতিষ্ঠান এবং তেজগাঁও লিংক রোডে নাসা গ্রুপ, এর ভেতর থাকা পাঁচটি প্রাইভেট কার ও পিকআপ ভাঙচুর করা হয়।যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, শুধু গুলশান এলাকায় দেড় শ বিপণিবিতান, ব্যাংক, হোটেল ও রেস্তোরাঁ ভাঙচুর করা হয়েছে।সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা গুলশান-১-এর গোল চত্বরে রাস্তার দুই ধারে অতর্কিতে বিপণিবিতানে ভাঙচুর শুরু করেন। পুলিশ বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ রায়হানসহ পুলিশের ১০ সদস্য আহত হন। সেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা।গুলশান-১-এর কাছে জারা মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শিশির আহমেদ প্রথম আলোকে বলেন, মার্কেট ভাঙচুরের সময় হামলাকারীরা চিৎকার করে বলেন, ‘এরা ধনী, এদের জিনিসপত্র ক্ষতি হলে সরকারের কাছে খবর যাবে।’ ব্যবসায়ীরা দাবি করেন, এই হামলার পেছনে কারও ইন্ধন রয়েছে।গুলশান-১-এর গোল চত্বরে কর্তব্যরত টহল পুলিশের সহকারী কমিশনার আনিসুজ্জামান জানান, সকাল ১০টার পর প্রায় পাঁচ হাজার শ্রমিক অতর্কিতে ব্যাংক, বিপণিবিতানে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তাঁরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন। সকাল ১০টার দিকে তেজগাঁও এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা একত্র হয়ে মহাখালী আন্তজেলা বাসটার্মিনালের সামনে জড়ো হন। তাঁরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। যাত্রীবাহী বাস রক্ষায় পরিবহনশ্রমিকেরাও টার্মিনালের সামনে লাঠিসোঁটা নিয়ে নেমে পড়েন। পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বিচ্ছিন্নভাবে ও হাতমাইকে বারবার রাস্তা ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে রিকশায় মাইক লাগিয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আপনারা আমার ভাই। আপনাদের দুঃখ আমি বুঝি। রাস্তা ছেড়ে দেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যবস্থা করব।’ শ্রমিকেরা তাঁর কথা না শুনে উল্টো স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ শ্রমিকদের ওপর লাঠিপেটা করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ঢিল ছোড়েন। প্রায় আধাঘণ্টা ধরে এ অবস্থা চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকেরা রাস্তা ছেড়ে অলিগলিতে ঢুকে পড়েন। দুপুর একটার দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।গুলশানে ভাঙচুর হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ প্রভৃতি।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, সকাল থেকে দু-তিন হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন। পুলিশ তাঁদের বারবার বুঝিয়েও রাস্তা থেকে সরাতে পারেনি। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।গতকাল দুপুরে গিয়ে মহাখালী থেকে গুলশান-২ পর্যন্ত রাস্তার দুই পাশে দু-একটি ছাড়া সব স্থাপনারই কাচ ভাঙা দেখা যায়। দুপুরে তেজগাঁও, মহাখালী, গুলশান এলাকার বিভিন্ন রাস্তায় ঢিল, ভাঙা কাচের গুঁড়া আর গাছের ভাঙা ডাল পড়ে থাকতে দেখা যায়। আন্দোলনরত শ্রমিকেরা সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়ার খুঁটি ও গাছ উপড়ে ফেলেন।জানা যায়, সকাল আটটা থেকে পাঁচ ঘণ্টা মহাখালী আন্তজেলা বাসটার্মিনাল থেকে কোনো বাস ঢাকার বাইরে ছেড়ে যায়নি। বাইরে থেকেও কোনো বাস আসেনি। রাস্তার পাশে দাঁড়ানো বাসগুলো না ভাঙার জন্য অনুরোধ করেন পরিবহনশ্রমিকেরা। একপর্যায়ে বাসগুলোকে রক্ষায় পরিবহনকর্মীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে পড়েন।ভৈরব থেকে সকালে ঢাকায় এসেছেন চলনবিল পরিবহনের চালক বেলাল। রাস্তার পাশে রাখা বাসটি নিয়ে প্রতি মুহূর্ত তাঁর কেটেছে চরম উদ্বেগের মধ্যে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ছিলেন এ অবস্থায়। বেলাল বলেন, ‘আমি চিন্তা করতাছিলাম, আমার ভাড়া মারনের কাম নাই। গাড়ি নিয়া বাড়ি যাইতে পারলেই হয়।’মহাখালীর জেমিনি গার্মেন্টসের পারভীন আক্তারের দাবি, সরকারঘোষিত তিন হাজার টাকায় তাঁর সংসার চলবে না। আর নভেম্বর থেকে মজুরি বাস্তবায়নের কথা বলে মালিকেরা ঈদ বোনাস না দেওয়ার পাঁয়তারা করছেন। এই মাস থেকেই মজুরি বাস্তবায়ন চান তাঁরা।আরেক শ্রমিক লিয়াকত বলেন, ‘খাইতে লাগে এক হাজার টাকা, বাসা ভাড়া দেড় হাজার টাকা আর বাকি ৫০০ টাকা থিকা বাড়িতে পাডানো, কাপড়চোপড়, অন্যান্য খরচ ক্যামনে চলব।’গতকাল ছিল ৩০তম বিসিএস পরীক্ষা। তেজগাঁও অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসা-যাওয়ার সময় যানবাহন না পেয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন। মহাখালী থেকে শত শত মানুষ ব্যাগ কাঁধে নিয়ে ফার্মগেটের দিকে রওনা হয়।মহাখালী ফ্লাইওভারের পাশের একটি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম জানান, সকাল নয়টার দিকে হাজার তিনেক শ্রমিক ফ্লাইওভারের নিচে সড়কে এসে জড়ো হন। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কিছু যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ এসে লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়।কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট জীবন কুমার রায় প্রথম আলোকে জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৫০-৬০ জন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফ্লাইওভারের নিচে জড়ো হন। এঁদের অধিকাংশই মহখালীর আমতলী হয়ে গুলশান-১-এর দিকে এবং বাকিরা বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার পোশাক কারখানা থেকে শ্রমিক নামিয়ে আনেন।মামলা: গতকাল সন্ধ্যায় ভাঙচুরের ঘটনায় গুলশান-১-এর নাভানা শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আট শ পোশাকশ্রমিককে আসামি করে গুলশান থানায় মামলা করেছেন। এ মামলায় নাভানা টাওয়ারে আইল্যান্ডার নামের একটি চশমার দোকানে লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনটি মামলা হয়েছে। এতে মোট আসামি দেড় থেকে দুই হাজার পোশাকশ্রমিক। চারটি মামলাতেই ১০ পোশাকশ্রমিক নেতাকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মোশরেফা মিশু, বজলুর রশীদ ফিরোজ, মাহবুবুর রহমান ইসমাইল, মন্টু ঘোষ, সুলতান বাহার, নাসিমা নাসরিন, কল্পনা আখতার, রুহুল আমিন, বাবুল আকতার ও আবুল হোসেন। রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিল্পাঞ্চল থানায় দুজন ও গুলশান থানায় আটজন গ্রেপ্তার হয়েছেন। আরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিরা অস্ত্রশস্ত্রে (দা, লাঠি, রড, ককটেল) সজ্জিত হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংক, হোটেল, বিপণিবিতানে ভাঙচুর করেছেন। তাঁরা পুলিশের ওপর হামলা করেছেন এবং সরকারি কাজে বাধা দিয়েছেন।পল্টনে বিক্ষোভ-সমাবেশ: ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে পল্টন ও প্রেসক্লাব এলাকায় গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ ও সমাবেশে করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তেজগাঁওয়ে পোশাককর্মীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানায় শ্রমিক সংগঠনগুলো।গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, ট্রেড ইউনিয়ন সংহতি ও গার্মেন্টস শ্রমিক ঐক্যপরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকেরা এই বিক্ষোভে অংশ নেন।নাসিমা আকতার নামের এক পোশাকশ্রমিক প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে আন্দোলন করছি। কিন্তু মজুরি নির্ধারণ করা হলো তিন হাজার টাকা। এই টাকা দিয়ে ঢাকায় বেঁচে থাকা সম্ভব নয়।’ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আকলিমা আকতার বলেন, তিন হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও এর মধ্যে অসংখ্য মারপ্যাঁচ আছে। কারণ শিক্ষানবিশ অবস্থায় একজন শ্রমিক আড়াই হাজার টাকা পাবেন। এখন তাঁকে টাকা কম দিতে হয়তো বছরের পর বছর শিক্ষানবিশ রাখা হবে।তেজগাঁওয়ে আহত শ্রমিক বিবি আমেনা ও নাসরিন বেগম বলেন, ‘অপারেটর হিসেবে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। কিন্তু এখনো বেতন দুই হাজার ৭০০ টাকা। ন্যূনতম মজুরি কবে হবে, কবে পাওয়া যাবে, সেটি কেউ বলতে পারছে না।’