দোকান মালিকদের সঙ্গে হকারদের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার দোকান মালিকদের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।পুলিশ বলেছে, গাড়ি রাখা নিয়ে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে রমনা ভবন দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সরকার পাশের সড়কে গাড়ি থেকে নামেন। ‘তোদের কারণে গাড়ি পার্কিং করা যায় না’—এ কথা বলে তিনি হকারদের গালাগাল ও কয়েকজনকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের লোকজন সেখানে এসে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকান মালিক-কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে হকারদের দোকান তছনছ করেন। হকাররাও পাল্টা জবাব দেন। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। দোকান মালিক-কর্মচারীরা মার্কেটের সব দোকান ও প্রবেশপথ বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। তাদের লক্ষ্য করে হকাররা ইটপাটকেল নিক্ষেপ করে। মার্কেটের ভেতর থেকেও হকারদের লক্ষ্য করে ইটপাটকেল মারা হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ যায়। মাথায় ইট লেগে পুলিশের সহকারী উপপরিদর্শক মোতালিব এবং কয়েকজন হকার আহত হন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে ঈদের কেনাকাটা করতে আসা মানুষ এবং বাসযাত্রীরা আতঙ্কে দিগ্বদিক ছোটাছুটি করে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। হকাররা জাহাঙ্গীরের বিচার চেয়ে স্লোগান দেয়।বিকেল সোয়া চারটার দিকে পুলিশ রমনা ভবন থেকে জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়ার সময় হকাররা চিৎকার-চেঁচামেচি এবং তাঁকে লক্ষ্য করে জুতা ও ইট ছোড়ে। এ সময় ইটের আঘাতে পুলিশ সদস্য ইলিয়াসের ঠোঁট কেটে যায়।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বলেন, ‘গাড়ি পার্কিং করা নিয়ে এ ঘটনা ঘটেছে। নিরাপত্তার জন্য জাহাঙ্গীরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ বলে নিজের পরিচয় দেওয়া এক যুবক দাবি করেন, তিনিসহ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী রমনা ভবনের সামনের ফুটপাত ও সড়কের একাংশে ১৫ রমজান থেকে চাঁদরাত পর্যন্ত ব্যবসা করেন। মার্কেট সমিতির লোকজন তাঁদের কাছে দোকানপ্রতি ১৫ দিনের জন্য পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে।ওই যুবকের এ অভিযোগ অস্বীকার করেছেন রমনা ভবনের বেশ কয়েকজন দোকান মালিক।সড়কে দোকান করার অনুমতি কে দিয়েছেন—এ প্রশ্নে নিজেকে যুবলীগ কর্মী পরিচয় দেওয়া আবুল হাসান নামের এক যুবক বলেন, ‘আমরা সরকারি দল করি। সরকারি জায়গায় দোকান করি। অনুমতি লাগবে কেন?’হাইকোর্ট সম্প্রতি জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে হকার ও অবৈধ দোকান উচ্ছেদের জন্য সিটি করপোরেশন এবং রমনা, পল্টনসহ চারটি থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু সড়ক-ফুটপাত হকারমুক্ত হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘এটা সিটি করপোরেশন দেখবে।’