দোকান লুটের পর স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বাজারের একটি স্বর্ণালংকারের দোকান থেকে গত সোমবার রাতে ডাকাতেরা টাকা ও অলংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতেরা দোকানের মালিক কৃষ্ণচন্দ্র সরকারকে (২৮) ধরে একটি ধানখেতের মধ্যে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।নিহত কৃষ্ণচন্দ্র ভান্নারা এলাকার অনীল চন্দ্র সরকারের একমাত্র ছেলে। এ ঘটনায় অনীল চন্দ্র বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন। বাজারের ব্যবসায়ী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভান্নারা বাজারের নমিতা জুয়েলার্স নামের একটি দোকানে ১০-১২ জন ডাকাত হানা দেয়। তারা দোকানটি থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় দোকানের মালিক কৃষ্ণচন্দ্র ডাকাতদের চিনে ফেললে ডাকাতেরা তাঁকে ধরে নিয়ে উপজেলার বরাব এলাকার একটি ধানখেতের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ওই এলাকার মালেকের পুকুরে ডাকাতেরা তাঁর লাশ ফেলে যায়।গতকাল মঙ্গলবার সকালে ওই পুকুরে পাশের রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। কালিয়াকৈর থানার পুলিশ দুপুরে ওই পুকুর থেকে কৃষ্ণচন্দ্রের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ দা ও ডাকাতদের ব্যবহূত জুতা উদ্ধার করেছে। ডাকাতেরা দোকানটি থেকে কী পরিমাণ স্বর্ণালংকার ও কত টাকা লুটে নিয়েছে, তা জানা যায়নি। তবে দোকানের সিন্দুকটির তালা ভাঙা পাওয়া গেছে এবং সিন্দুকের মধ্যে কোনো কিছু পাওয়া যায়নি। অনীল চন্দ্র সরকার জানান, তাঁর ছেলে কৃষ্ণ সরকারের সঙ্গে কারও পূর্বশত্রুতা ছিল না। তবে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্বশত্রুতার জের ধরে কৃষ্ণকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।