দোকানপাট বন্ধের নতুন সময়সূচি মানছে না অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার দোকানপাট ও বিপণি-বিতান বন্ধের নতুন ঘোষিত সময়সূচি যথাযথভাবে মানা হচ্ছে না। গতকাল সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকার দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও সেগুলো খোলা ছিল। শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ সিদ্ধান্ত কেউ কার্যকর না করলে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিরসন ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার রাজধানী ঢাকা শহরকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বিপণিবিতান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু দোকান মালিকেরা সপ্তাহে যেকোনো এক দিন বন্ধ রাখার পক্ষে। ফলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না। গত শুক্রবার থেকে অঞ্চল-১ পুরান ঢাকা এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার মধ্য দিয়ে নতুন সময়সূচি চালু হয়। গতকাল অঞ্চল-২-এর সায়েদাবাদ চৌরাস্তার দোকান কর্মচারী নোমান জানান, দোকানপাট দেড় দিন বন্ধের বিষয়টি তাঁদের জানা নেই। গত রোববার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আশপাশের অনেক দোকানই বন্ধ ছিল, কিন্তু তাঁদের দোকান খোলা ছিল। সায়েদাবাদ জনপথ এলাকার সওদাগর মোজাইকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, দেড় দিন বন্ধের বিষয়টি তাঁদের জানা নেই। এ ধরনের কোনো সংবাদ তাঁরা পাননি। তিনি বলেন, ‘সপ্তাহে দেড় দিন দোকানপাট বন্ধের বিষয়টি খুবই ভালো; ছুটি কার্যকর হলে শ্রমিকদের সুবিধা হবে।’ সায়েদাবাদ এলাকার অপর ব্যবসায়ী এনায়েত উল্লাহ বলেন, দেড় দিন দোকান বন্ধের কথা তিনি পত্রিকায় শুনেছেন। সেটি কার্যকর করা হচ্ছে কি না, সে ব্যাপারে তিনি বলেন, এটি মানা উচিত।নতুন সিদ্ধান্তে অঞ্চল-২-এর দোকানপাট রোববার পূর্ণ ও সোমবার আধাবেলা বন্ধ থকবে। এলাকাগুলো হচ্ছে—রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়। গতকাল যাত্রাবাড়ী চৌরাস্তা, উত্তর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে অধিকাংশ দোকানপাট খোলা দেখা গেছে। মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর তাঁদের সঙ্গে বৈঠক হয়। সেখানে সরকারপক্ষ সপ্তাহে দেড় দিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু দোকান মালিকদের পক্ষ থেকে অঞ্চলভেদে সপ্তাহে যেকোনো এক দিন বন্ধ রাখার পক্ষে মত দেওয়া হয়। এ কারণে কেউ সরকারের সিদ্ধান্ত মানছে না। তিনি বলেন, সরকার দেড় দিনের পরিবর্তে এক দিন বন্ধ রাখার সিদ্ধান্তের ঘোষণা দিলে সব ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে তা বাস্তবায়ন করবে বলে তিনি জানান। মহানগরের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, কোন অঞ্চলে কোন দিন দোকানপাট বন্ধ থাকবে, সে-সংক্রান্ত কোনো চিঠি তাঁরা পাননি। এ বিষয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের বৈঠকে রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত কেউ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনেক দোকান মালিক কর্মচারীদের সাপ্তাহিক ছুটিও দিতে চান না। তাদের কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এ সিদ্ধান্ত দেখভাল করার দায়িত্বে রয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তর।