মারধরের পর দোতলা থেকে ফেলে দেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম (২৩) মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।১৫ আগস্ট জাতীয় শোক দিবসের খাবার নিয়ে বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তাঁকে মারধর করে শাহ মখদুম হলের দোতলা থেকে ফেলে দেন। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে গত দেড় বছরে সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েই তিনজন ছাত্রের মৃত্যু হলো।নিহত নাসিমের ভগ্নিপতি হাবিবুর রহমান জানান, ১৫ আগস্ট আহত হওয়ার পর থেকেই তাঁর জ্ঞান ছিল না। পরিবারের কারও সঙ্গে তাঁর আর কোনো কথাও হয়নি। নাসিমের স্কুলশিক্ষক বাবা মোসলেমউদ্দীন নয় দিন ধরেই হাসপাতালে অপেক্ষায় ছিলেন ‘এই বুঝি ছেলে একটু চোখ মেলবে’। প্রতিবারই নাসিমের সামান্য নড়াচড়া তাঁর নিভে আসা স্বপ্নগুলোকে উসকে দিয়েছে। তিনি বারবার খবর নিয়েছেন চিকিৎসকদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি একমাত্র ছেলেটিকে।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকনারন্দ গ্রামে তাঁদের বাড়ি। সেখানকার চাঁদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ধর্মের শিক্ষক মোসলেমউদ্দীন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন, ছোটটি এখন উচ্চমাধ্যমিকে পড়ে। একমাত্র ছেলেটা বিশ্ববিদ্যালয় স্নাতক শেষ বর্ষের ছাত্র। আর কয়েক দিন পরেই সংসারের দায়িত্ব ছেলের কাঁধে চাপিয়ে ধর্মেকর্মে মন দেবেন, এমনই ছিল ইচ্ছাগুলো। সেই বাবার কাঁধে এখন সন্তানের লাশ।ক্যাম্পাসে আরেকটি লাশ: ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আয়োজিত ভোজের টোকেন নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত কমিটির সভাপতি আউয়াল কবিরের অনুসারী নেতা-কর্মীরা সাধারণ সম্পাদকের সমর্থক নাসরুল্লাহ নাসিমকে বেধড়ক মারধর করে শাহ মখদুম হলের দোতলা ছাদ থেকে থেকে নিচে ফেলে দেন। গুরুতর আহত অবস্থায় ওই দিনই নাসিমকে ঢাকায় আনা হয়। নাসিম শাহ মখদুম হলের ২৫৫ নম্বর কক্ষে থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, খাবারের অতিরিক্ত টোকেন নেওয়ার বিরোধিতা করায় সভাপতির অনুসারীরা নাসিমের ওপর ক্ষিপ্ত হন। তাদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নাসিমকে দোতলায় ডেকে নিয়ে সভাপতি গ্রুপের কর্মী জাহিদ (সমাজকর্ম শেষ বর্ষ), জহুরুল (লোকপ্রশাসন মাস্টার্স), লুৎফর (প্রাণিবিদ্যা), মশিউর রহমান (মনোবিজ্ঞান মাস্টার্স), রুহুল আমিন (রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষ) এবং তৌফিকসহ (বাংলা তৃতীয় বর্ষ) ৮-১০ জন বেধড়ক মারধর করেন। তাঁরা নাসিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং কোমরে ছুরিকাঘাত করে দোতলার ছাদ থেকে ফেলে দেন। নিচের ড্রেনে পড়ে নাসিমের মাথা ফেটে যায়। বুকে, পেটে ও মেরুদণ্ডেও আঘাত লাগে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর অনুসারী এক ছাত্রলীগ কর্মী আজম আলী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করেন। কিন্তু এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিই গ্রেপ্তার হননি।গতকাল নাসিমের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে আসে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রধান প্রবেশপথ, হল ও ক্যাম্পাসসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়।এর আগেই ক্যাম্পাসে গণগ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারী বেশ কিছু নেতা-কর্মী হল ছেড়ে চলে গেছেন।এর আগে গত ৭ আগস্ট সিগারেটের ধোঁয়া দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১৫টি গুলি বিনিময় হয়। এতে ছাত্রলীগের সব ধরনের কর্মকাণ্ড স্থগিত করা হয়। ওই ঘটনায় সাধারণ সম্পাদক গ্রেপ্তার এবং সভাপতি পলাতক রয়েছেন।