দোরগোড়ায় ধোপা
ধানমন্ডির ১২-এ সড়ক এলাকায় থাকেন লায়লা কারিন। ছুটির দিন ছাড়া সপ্তাহের অন্য দিনগুলো ব্যস্ততায় কাটে কর্মজীবী এই নারীর। তাই ছুটির দিনে আর কাজ বাড়াতে চান না। ঘরের যত কাপড় সপ্তাহের শেষে ধুতে হয়, এর সবটাই ধোলাই ঘরে দিয়ে দেন।লায়লা বলেন, ‘ঘরে কাপড় ধোয়া ও সেগুলো ইস্ত্রি করা অনেক ঝামেলা। এতে সময় ও শ্রম দুটোই লাগে। লন্ড্রিতে কাপড় দেওয়া কিংবা নিয়ে আসার কোনো ঝামেলায় আমাদের পড়তে হয় না। ফোন দিলেই লন্ড্রির লোক এসে সব কাপড় বাড়ি থেকে নিয়ে যায়। আবার কাপড় বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এককথায় লন্ড্রিতে কাপড় দিয়েই যেন নিশ্চিন্তে থাকা।’শুধু ধানমন্ডি নয়, নগরের অনেক এলাকায়ই এখন হোম সার্ভিস ধোলাই ঘরগুলো জনপ্রিয় হচ্ছে। কারণ, ব্যস্ততার কারণে অনেকেই নিজের কাপড় নিজে ধোয়া তো দূরের কথা, সেগুলো ধোলাই ঘরে নিয়ে যাওয়ারও সময় পান না।ধানমন্ডির মা ড্রাই ক্লিনার্স অ্যান্ড হোম সার্ভিস বছর কয়েক ধরে ধানমন্ডিতে এই সেবা দিচ্ছে। জামা-কাপড় পরিবহনের জন্য তারা আলাদা কোনো চার্জও নেয় না। তাই লায়লার মতো ব্যস্ত মানুষজন এখন তাদের সেবা নিতে আগ্রহী হচ্ছে। এ বিষয়ে মা ড্রাই ক্লিনার্স অ্যান্ড হোম সার্ভিসের স্বত্বাধিকারী ও পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘যেকোনো কাপড় ধোয়া এবং আয়রন করার জন্য যে খরচ রাখা হয়, বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আলাদা করে কোনো চার্জ নিই না। একটা সময় কম লোক এলেও এখন বেশ ভালো সাড়া পাচ্ছি।’একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসিফ সাকলাইন বলেন, ‘সারা দিনই ব্যস্ততার মধ্যে থাকি। তাই হোম সার্ভিসের লন্ড্রির ওপরেই নিজের কাপড় ধোয়ার দায়িত্ব চাপিয়েছি। খরচ তুলনামূলক কম আর কাজও ভালো। সময়মতো কাপড় দিয়ে যায় এবং নিয়ে যায়।’ এদিকে ধানমন্ডির আরেক বাসিন্দা রকিবুর রহমান পুরো পরিবারের জামাকাপড় ধোয়ার দায়িত্ব দিয়েছেন বাসা থেকে কাপড় নিয়ে যায় এবং বাসায় দিয়ে যায় এমন ধোলাই ঘরকে। তাঁর প্রথম পছন্দ ধানমন্ডি ড্রাই ক্লিনার্স। এর পরিচালক ফয়জুল ইসলাম বললেন, ‘এ বছর জানুয়ারিতে হোম সার্ভিস শুরু করেছি।’ তাঁদের লক্ষ্য হচ্ছে খদ্দেরকে সেরা সেবাটা দেওয়া। এ কাজটা সহজ করার জন্য তাঁরা পুরো ঢাকাকে পাঁচটি ভাগে ভাগ করেছেন। শুধু অভিজাত এলাকা নয়, তাঁরা চান সব এলাকায় হোম সার্ভিস দিতে।অতটা অভিজাত এলাকা নয়, তবু রায়েরবাজারেও হোম সার্ভিস দিচ্ছে সেভ ড্রাই ক্লিনার্স। এর পরিচালক মোহাম্মাদ মনির হোসেন বলেন, ‘সাধারণ এলাকা হলেও কাজ কম পাচ্ছি না। আমরা কিন্তু নগরের অন্যান্য এলাকার লোকজনকেও লন্ড্রি-সেবা দিই। এ ক্ষেত্রে খরচটা একটু বেশি পড়বে। তাই আমরা আলাদা একটা চার্জ নিই। তবে, যারা নিয়মিত কাস্টমার হবে, তাদের জন্য আমরা ছাড় দেব।’