দোরগোড়ায় সেবা পৌঁঁছে দেওয়াই লক্ষ্য: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে দুটি সিটি করপোরেশন করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কারণ নেই। পৃথিবীর অনেক শহরেই একাধিক সিটি করপোরেশন আছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এটা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এ কথা বলেন। জাতীয় সংসদে গতকাল উপজেলা পরিষদ সংশোধন বিল, ২০১১ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাসের পর তা ৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আশা করেছিলাম, যাঁরা সংশোধনী এনেছিলেন, তাঁরা উপস্থিত থাকবেন, সংসদে প্রাণবন্ত আলোচনা হবে। এমনকি তাঁদের যুক্তিসংগত সংশোধনী গ্রহণ করতেও প্রস্তুত ছিলাম। কিন্তু সংশোধনী উত্থাপিত না হওয়ায় রেওয়াজ অনুযায়ী মন্ত্রী বক্তব্য দিতে পারেন না।’সিটি করপোরেশন বিভক্তির সমালোচনার জবাবে সৈয়দ আশরাফ বলেন, কেউ কেউ বলছেন, ‘পৃথিবীর কোথাও এক শহরে দুই সিটি করপোরেশন নেই। এটা আন্দাজনির্ভর কথা। লন্ডন শহরে দুটি সিটি করপোরেশন আছে। দুটির দপ্তরও আলাদা। এক সিডনি শহরে পাঁচটি সিটি করপোরেশন আছে।’সৈয়দ আশরাফ বলেন, সিটি করপোরেশন ভাগ করে রাজধানীকে ভাগ করা হয়নি। রাজধানী ঢাকাতেই আছে। আর প্রশাসক দিয়ে সিটি করপোরেশন চালানোর ইচ্ছা থাকলে আইনে নির্বাচনের বিধান রাখা হতো না।বিএনপি ক্ষমতায় এলে সিটি করপোরেশন আবার এক করা হবে—বিদায়ী মেয়র সাদেক হোসেনের এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘জনগণের রায় নিয়ে এলে মেনে নেব।’সাবেক বড় ১৯ জেলার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ব্যাপারে সরকারের সাধারণ সিদ্ধান্ত আছে বলে জানান সৈয়দ আশরাফ। উপজেলা আইন সম্পর্কে তিনি বলেন, ‘উপজেলা আইন কয়েকবার সংশোধন করা হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও করা হবে। কারণ আমরা শক্তিশালী উপজেলাব্যবস্থা চাই।’ তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানদের দাবি অনুযায়ী, কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) লেখার ক্ষমতা চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। ঐকমত্যের ভিত্তিতেই এ আইন করা হয়েছে। তার পরও কোনো সমস্যা হলে ভবিষ্যতে আবারও সংশোধনী আনা হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ বি এম মোজাম্মেল হক ও স্থানীয় সরকারসচিব আবু আলম শহীদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।