ফজিলাতুন্নেছা হাসপাতালের ভিত্তিপ্রস্তর
দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার জনগণের, বিশেষ করে দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার সকালে গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়নের তেঁতুইবাড়ী এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আজ মায়ের নামে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কারণ, তিনি সাধারণ বাঙালি নারী হয়েও দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমার বাবার পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন।’শেখ হাসিনা আরও বলেন, ‘স্বাধীনতাসংগ্রামে শেখ ফজিলাতুন্নেসা মুজিব যে রাজনৈতিক প্রজ্ঞা ও সাহস দেখিয়েছেন, তা ইতিহাসে লেখা নেই। কিন্তু পরিবারের সদস্য হিসেবে জানি, প্রতিটি ক্ষেত্রে তাঁর আত্মত্যাগ কত। বছরের পর বছর বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছেন। এ সময় সংসার চালানোর পাশাপাশি দলের নেতারা কে কোথায় আছেন, কে জেলে আছেন, কে অসুস্থ, কার বাড়িতে বাজার নেই—সব খোঁজখবর রেখেছেন আমার মা।’ প্রধানমন্ত্রী বলেন, হাসপাতালটি এ অঞ্চলের মানুষের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশপাশের কলকারখানার নিম্ন আয়ের মানুষ এখানে স্বাস্থ্যসেবা পাবে। চিকিৎসকদের গবেষণার সুযোগ হবে।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই হাসপাতাল প্রতিষ্ঠা। দরিদ্র ও শিশুদের চিকিৎসাসেবায় অবদান রাখার লক্ষ্য নিয়ে এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও সমাজকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ট্রাস্টের সহসভাপতি প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে দেশে স্বর্ণযুগের সূচনা হয়েছিল। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পসহ সব ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলাম। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। মুদ্রাস্ফীতি ১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের পাঁচ বছর এবং পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর দেশ অনেক পিছিয়ে গেছে।’শেখ হাসিনা বলেন, ‘আমরা সারের দাম তিন দফা কমিয়েছি। জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। বর্গাচাষিদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়েছে।’জানা গেছে, ৬ দশমিক ১৩ একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ও ৫০ আসনের নার্সিং কলেজটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ট্রাস্ট দিচ্ছে প্রায় ৫৬ কোটি টাকা। ২০১২ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে। ভবিষ্যতে হাসপাতালটিকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।