দোররা প্রতিরোধে পদক্ষেপ নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে দোররা মারার ফলে হেনা নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দোররা মারার ঘটনা এবং তা প্রতিরোধে আগে দেওয়া হাইকোর্টের এক রায়ের আলোকে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেখানকার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতে আদালত নির্দেশ দিয়েছেন।আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।আজ প্রথম আলোতে ‘মেয়েটির জন্য কারও মায়া হলো না!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি সীমা জহুর। তিনি বলেন, এ বিষয়ে এর আগে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। কিন্তু ওই নির্দেশনা অনুসারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।জবাবে সীমা জহুর বলেন, যখন হেনাকে দাফন করা হয়, তখন মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এর আগে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মারা যাওয়ার আগে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা জানানোর নির্দেশনা দেওয়ার আরজি জানান তিনি। এরপর আদালত রুল জারি করেন। আদালতের আদেশের পর সীমা জহুর প্রথম আলোকে বলেন, হেনাকে দোররা মারা ও তা রোধে পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা ১৫ দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।উল্লেখ্য, হেনার ফুফাতো বোনসহ আত্মীয়রা জানান, হেনা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা গ্রামের দরিদ্র কৃষক দরবেশ খাঁর মেয়ে। গত রোববার দিবাগত রাতে মেয়েটি প্রাকৃতিক কাজে ঘরের বাইরে যায়। এ সময় তার দূর সম্পর্কের চাচাতো ভাই মাহাবুব (৪০) তার মুখে কাপড় গুঁজে দিয়ে পাশে তার পরিত্যক্ত একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিত্কারে প্রথমে মাহাবুবের স্ত্রী ও ভাই বেরিয়ে আসেন। কিন্তু তাঁরা উল্টো মেয়েটিকে মারধর করেন। একপর্যায়ে হেনার মা-বাবা, ভাই-বোনসহ বাড়ির লোকজন বের হয় এবং মেয়েটিকে উদ্ধার করে। হেনাদের ঘর থেকে মাহাবুবের ঘরের দূরত্ব ২০-২৫ গজ হবে বলে জানিয়েছে স্বজনেরা।নড়িয়া থানা ও এলাকার সূত্র জানায়, ঘটনা জানাজানি হলে পরের দিন সোমবার চামটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস ফকিরের নেতৃত্বে সালিস-বৈঠকের আয়োজন করা হয়। সালিসে মাহাবুবকে ২০০ দোররা ও ৫০ হাজার টাকা জরিমানা আর কিশোরী হেনাকে ১০০ দোররা মারার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ধর্ষকের শাস্তি অর্ধেক কমিয়ে তাত্ক্ষণিক সালিসকারীরা তাঁকে ১০০ দোররা মারেন। হেনাকে ৭০-৮০টি দোররা মারার পর সে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে হেনা মারা যায়।