দোলাই নদীর পরিবেশ দুর্বিষহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে সুবা বাংলার রাজধানী ঘোষণা করার পর মানুষ যখন আনন্দ উদ্যাপন করছে, দোলাই নদীসংলগ্ন এলাকার বসতিগুলিতে মানুষজন তখন অতিষ্ঠ হয়ে দিন যাপন করছে। পরিত্যক্ত নানা বর্জ্য, গবাদিপশুর মৃতদেহসহ নানা দূষিত পদার্থে দোলাই নদীর পরিবেশ সম্প্রতি সঙ্গিন হয়ে উঠেছে।ঢাকার জন্য দোলাই নদীর প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। শুকনো মৌসুমে নদীর অববাহিকায়, বিশেষত নগরীর ওই পারের রবিশস্য এই নদীর পানির ওপর অনেকটা নির্ভরশীল। বর্ষা মৌসুমে মাঝে মাঝে অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা দেখা দেয়। তখন এ নদীই বুড়িগঙ্গা থেকে অতিরিক্ত পানি টেনে নিয়ে গিয়ে নগরীকে রক্ষা করে। এ ছাড়া বিদেশি বণিক ও পর্যটকদের অনেকে ঢাকায় প্রবেশের জন্য একে ব্যবহার করে বলে এই নগরীতে বুড়িগঙ্গার পরপরই দোলাই নদীর গুরুত্ব ও মর্যাদা। গতকাল সরেজমিনে শহরের দোলাই নদী পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে, নদী দিয়ে বেশ কয়েকটি গবাদিপশুর পচা মৃতদেহ ভেসে যাচ্ছে। স্থানে স্থানে পাড়ের কাছে ঝুলে পড়া গাছের ডাল আর লতাগুল্মে আটকে পড়ে অসহনীয় গন্ধ ছড়াচ্ছে। নদীর তীরবর্তী বাসিন্দা অমর শীল জানিয়েছেন, এ নদীতে মাঝে মাঝে মানুষের লাশও ভেসে যেতে দেখা যায়। বিশেষত, হিন্দুসম্প্রদায়ের কোনো কোনো বর্ণের লোক সর্পদংশনে বা অপঘাতে মৃত্যুমুখে পতিত হলে সেই সব শবদেহ আর দাহ না করে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। সেই শবদেহগুলিও একসময় পচে-গলে পরিবেশের ওপর হুমকি হয়ে দাঁড়ায়।গত কয়েক বছরে দোলাই নদীর দুই পারে জনবসতি বেড়েছে। কিন্তু বাসিন্দাদের ভালো কোনো পয়োনিষ্কাশনের বন্দোবস্ত নেই। দুই পারের অসংখ্য মানুষ প্রাতঃকৃত্যের কাজে এ নদীকে ব্যবহার করছে। অনেকে নগরীর পরিবেশ-পরিস্থিতির কোনো তোয়াক্কা না করে নদীর পাড়ে পায়খানা বানিয়েছে। এ ছাড়া বসতিগুলির অন্যান্য বর্জ্যও সরাসরি নদীতে এসে পড়ছে।উল্লেখ্য, স্থানীয় জমিদার ও আশরাফ শ্রেণীর বড় বড় পরিবার নিজস্ব ইঁদারার মাধ্যমে পানীয় জলের চাহিদা মেটায়। কিন্তু আমজনতা তাঁদের ইঁদারা ব্যবহার করতে পারে না বলে এ অঞ্চলের মানুষের একটি বড় অংশের পানির প্রধান উত্স দোলাই নদী। নদীর প্রতি এ অবহেলা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এখানে পানীয় জলের তীব্র সংকট দেখা দেবে। বিদেশ থেকে আগত ব্যক্তিদের কাছেও ঢাকা নগরীর মর্যাদা ক্ষুণ্ন হবে। দুনিয়াজুড়ে ঢাকা নগরীর যে সুনাম রয়েছে, তা ভূলুণ্ঠিত হবে।এলাকার মানুষেরা আশা করছে, মোগল শাহানশাহ্র প্রতিনিধি এখন ঢাকার দায়িত্ব নিয়েছেন। তিনি নিশ্চয়ই ঢাকার জন্য গুরুত্বপূর্ণ দোলাই নদীর পরিবেশের উন্নয়নে আশু পদক্ষেপ গ্রহণ করবেন।