দোলাইরপাড়ে ছিনতাইকারীদের গুলিতে স্কুলছাত্র নিহত
রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম দোলাইরপাড়ে গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারীর গুলিতে রবিউর রহমান (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগের আবু হাজি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় মো. নাছির (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ছয়-সাতজন যুবক পশ্চিম দোলাইরপাড়ের যুক্তিবাদী গলিতে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করছিল। স্থানীয় একজন এ সময় ছিনতাইকারীদের একজনকে ধরে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন সেখানে এগিয়ে আসতে থাকলে একটি শব্দ শোনা যায়। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে থাকা রবিউর গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, শিশুটির গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে।গতকাল রাত পৌনে একটার দিকে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলেন, ‘শিশুটি গুলিতে মারা গেছে বলে জানতে পেরেছি।’ তিনি জানান, ঘটনাস্থল থেকে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।রবিউরের বাবার নাম রাশিদুল ইসলাম। তিনি রিকশাভ্যানচালক।হাসপাতালে রাশিদুল ইসলাম জানান, বিদ্যুৎ না থাকায় ওই সময় ছেলেকে নিয়ে তিনি বাসার সামনে বের হয়েছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে পাশে তাকিয়ে দেখেন, ছেলে মাটিতে পড়ে আছে।