বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে আইন কমিশনের প্রতিবেদন
দোষ স্বীকার করলে ক্ষেত্রবিশেষে দণ্ড কমানোর বিধান রাখার সুপারিশ
ফৌজদারি মামলার ক্ষেত্রে অভিযুক্ত স্বেচ্ছায় দোষ স্বীকার করে আবেদন করলে ক্ষেত্রবিশেষে দণ্ড কমানোর বিধান রেখে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বাস্তবায়নের সুপারিশ করেছে আইন কমিশন। এ ছাড়া ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধির ধারা সংশোধন এবং পরিধি বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন।কমিশনের এই সুপারিশ ও প্রস্তাবসংবলিত প্রতিবেদন চলতি (অক্টোবর) মাসের প্রথম সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে এডিআর-ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালুর জন্য আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, বিচারব্যবস্থায় গুণগত মান বজায় রাখা এবং যুগোপযোগী করতে জাতীয় নীতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এডিআর বাস্তবায়নে সরকারকে একটি জাতীয় নীতিমালা ঘোষণা করারও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রশাসনিক পদক্ষেপে মধ্যস্থতা কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ৫০০ কোটি টাকার পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়ার সুপারিশ করা হয়।সূত্র জানায়, আইন মন্ত্রণালয় দ্রুত ও যৌক্তিক সময়ে মামলা নিষ্পত্তির লক্ষ্যে করণীয় নির্ধারণে সুপারিশ তৈরি করতে গত বছরের ১৯ জুলাই কমিশনকে অনুরোধ করেছিল। কমিশন সরজমিনে আদালত পরিদর্শন, সেমিনার ও মতবিনিময় শেষে সেসব পর্যালোচনা করে এ প্রতিবেদন চূড়ান্ত করে।১৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কার্যকর, বিকল্প পদ্ধতি বাস্তবায়নে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, আদালতব্যবস্থাকে কম্পিউটারাইজড করা, বিচারব্যবস্থার জন্য পৃথক জাতীয় নীতি প্রণয়নসহ উপযুক্ত নেতৃত্ব প্রয়োজন। প্রতিবেদনে মধ্যস্থতাকারীদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, পারিশ্রমিকের ব্যবস্থা ও জাতীয় বিকল্প বিরোধ নিষ্পত্তি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। এতে এডিআর কার্যকরের লক্ষ্যে বিচার বিভাগের সব পর্যায় থেকে দুর্নীতির মূলোৎপাটন করা, বিচার প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে জোর দেওয়া হয়েছে।যোগাযোগ করা হলে আইনমন্ত্রী শফিক আহমেদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে কমিশনের পাঠানো সুপারিশ মন্ত্রণালয়ে এসেছে। এডিআর কার্যকরের বিষয়টি প্রক্রিয়াধীন। প্রতিবেদনটি পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আইনগত দিকগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলাজট নিরসনে এডিআর-ব্যবস্থার বিকল্প নেই, অব্যশই এটি কার্যকর করা হবে।’প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানোর পর আইন কমিশনের সদ্য পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ প্রথম আলোকে বলেছিলেন, ‘সুপারিশগুলো কার্যকরে সরকার ও বিচার বিভাগকে এগিয়ে আসতে হবে। তৃণমূল পর্যায়ের বিরোধগুলো যদি ওখানেই নিষ্পত্তি করা যায়, তাহলে অধস্তন আদালতগুলো মিথ্যা ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ভার থেকে মুক্ত হবে।’শাস্তি কমানোর (প্লি বার্গেইন) ব্যবস্থা চালুর সুপারিশ: সুপ্রিম কোর্ট সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতসহ ট্রাইব্যুনালে ফৌজদারি মামলা ছিল দুই লাখ ৮২ হাজার ৪৯২টি। দেওয়ানি মামলা ছিল ছয় লাখ ৪৩ হাজার ৬৫৫টি। এ ছাড়া ম্যাজিস্ট্রেট আদালতে ছিল সাত লাখ ১২ হাজার ৭৫টি ফৌজদারি মামলা।কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, জটে থাকা মামলাগুলোর দুই-তৃতীয়াংশই ফৌজদারি। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ফৌজদারি কার্যবিধিতে প্লি বার্গেইন মডেল চালু করা যেতে পারে। যেসব মামলায় আসামির সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেসব মামলা প্লি বার্গেইনের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। কয়েকটি দেশে চালু থাকা এ পদ্ধতিতে আসামিকে আইনে বর্ণিত শাস্তির তিন-চতুর্থাংশ রেয়াত দিয়ে এক-চতুর্থাংশ শাস্তি দেওয়া হয়। এ ছাড়া আইনে সর্বনিম্ন শাস্তির বিধান থাকলে এর অর্ধেক দেওয়া হয়।এ পদ্ধতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, ছোটখাটো অপরাধের ক্ষেত্রে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের কাছে হলফনামাসহ আবেদন করতে পারেন। আদালতে তা গৃহীত হলে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় এবং এর বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন করা যায় না। তবে আসামি স্বেচ্ছায় আবেদন দাখিল না করলে কিংবা তিনি আগে একই অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হলে এভাবে নিষ্পত্তি করা যাবে না। এ ক্ষেত্রে আদালত মামলাটি সাধারণ বিচারপদ্ধতিতে নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলে বিধান রাখা যেতে পারে।কমিশন মনে করে, প্লি বার্গেইন-সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে সংযোজন করা প্রয়োজন। এ জন্য এ কার্যবিধির ২২ অধ্যায়ের পর ২২এ নামে নতুন অধ্যায় সংযুক্ত করা যেতে পারে।এ ছাড়া আদালতের নিয়ন্ত্রণের বাইরে এমন অবস্থা ব্যতীত মামলার শুনানি মুলতবি না করে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ, নির্দিষ্ট সময়ের মধ্যে রায় প্রদান ও স্বাক্ষর করার বিষয়ে বিধান চালু, জামিন প্রদান আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা হিসেবে না দেখে তা সংশ্লিষ্ট ব্যক্তির অধিকার হিসেবে বিবেচনা করে জামিন ও শাস্তির বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে কমিশন।ফৌজদারি কার্যবিধির ধারার পরিধি বাড়ানোর সুপারিশ: প্রতিবেদনে কমিশন দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৩২৬, ৩৮৫, ৪০৪, ৪০৮, ৪১১, ৪১২, ৪২০, ৪৬৮, ৫০৬ (অংশ-২) ধারাগুলো আদালতের অনুমতিক্রমে আপসযোগ্য করে ফৌজদারি কার্যবিধির ৩৪৫ ধারার পরিধি বাড়ানোর সুপারিশ করেছে। কমিশন বলেছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর দণ্ডসংক্রান্ত বিধানের অধীনে করা আপিল মামলা এবং ১৯১০ সালের বিদ্যুৎ আইনের ৩৯ ধারা ব্যতীত অন্যান্য ধারা, বন আইনের ২৬(১), ৪২ ও ৬৩(গ) ধারার মামলা এবং ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ), ১০ ও ১১ ধারার মামলাগুলো আপসযোগ্য করা যেতে পারে।প্রসঙ্গ বিকল্প বিরোধ নিষ্পত্তি: বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি পরীক্ষিত পদ্ধতি। এর মাধ্যমে স্বল্প খরচে ও স্বল্প সময়ে মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়। এ পদ্ধতি চালু করতে ২০০৩ সালে দেওয়ানি কার্যবিধিতে ৮৯এ এবং ৮৯বি ধারা প্রবর্তন করে বিচারিক আদালতে মধ্যস্থতা ও সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। এরপর আপিল আদালতকে অনুরূপ ক্ষমতা দিয়ে ২০০৬ সালে ওই আইনের ৮৯সি ধারা প্রবর্তন করা হয়। এ ছাড়া দেওয়ানি, পারিবারিক, বাণিজ্যিক ও অর্থঋণ আদালতের মামলায় এরই মধ্যে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধান অন্তর্ভুক্ত করা আছে। ফৌজদারি মামলায়ও আপসের মাধ্যমে সীমিত পরিসরে মামলা নিষ্পত্তিসংক্রান্ত বিধান রয়েছে।প্রতিবন্ধকতা: বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তিতে সুফল পাওয়ার প্রতিবন্ধকতাগুলোও চিহ্নিত করেছে আইন কমিশন। এগুলো হলো: এ পদ্ধতিতে মামলা নিষ্পত্তির (এডিআর) বিষয়টি আবশ্যক না হয়ে আদালতের ইচ্ছাধীন থাকা, মামলার স্বার্থসংশ্লিষ্ট পক্ষের অনীহা, ফৌজদারি মামলা আপস-নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের প্রত্যক্ষ ভূমিকা না থাকা, মধ্যস্থতাবিষয়ক সুনির্দিষ্ট বিধিমালা না থাকা, প্রশিক্ষণপ্রাপ্ত মধ্যস্থতাকারী না থাকা এবং পর্যাপ্ত বাজেট না থাকা।দেওয়ানি কার্যবিধির ধারা সংশোধনের সুপারিশ: প্রতিবেদনে দেওয়ানি কার্যবিধির ৮৯এ ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করে বলা হয়েছে, মধ্যস্থতার মাধ্যমে অনুরূপ মামলা নিষ্পত্তি হলে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে। এর বিরুদ্ধে আপিল বা রিভিশন করা যাবে না—এমন বিধান রাখা যেতে পারে। যত দিন পর্যন্ত প্রশিক্ষিত ও সনদধারী মধ্যস্থতাকারী পাওয়া না যায়, তত দিন প্রতি জেলায় একজন যুগ্ম জেলা জজকে মধ্যস্থতাকারী আদালত হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। দেওয়ানি কার্যবিধির ৮৯এ, ৮৯বি, ৮৯সি ধারায় বর্ণিত মধ্যস্থতা ও সালিসসংক্রান্ত বিধান কার্যকরের উপযোগী বিধিমালা প্রণয়ন করা; মিথ্যা, ভিত্তিহীন ও বিরক্তিকর মামলা দায়ের এবং মধ্যস্থতায় প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট পক্ষের ওপর ক্ষতিপূরণ আরোপের বিধান প্রবর্তনের কথা বলা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া মামলার বয়স, গুরুত্ব ও তাগিদ বিবেচনায় এর বিভিন্ন শ্রেণী করার সুপারিশও করা হয়েছে।