দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন রেজওয়ানুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউ-ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নিজের অপরাধ স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে স্বেচ্ছায় জবানবন্দি দেন তিনি। অপরাধ স্বীকার করায় নাফিসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী ৩০ মে তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।ব্রুকলিন ফেডারেল কোর্টের বিচারক ক্যারল বি অ্যামনের আদালতে সংক্ষিপ্ত জবানবন্দিতে নাফিস বলেন, ‘ধ্বংসাত্মক জিহাদি হামলা পরিচালনার পরিকল্পনা ছিল আমার।’ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জবানবন্দির সময় অত্যন্ত ধীর ও শান্তভাবে নাফিস বলেন, ‘আমি এখন আর ধ্বংসাত্মক জিহাদকে সমর্থন করি না। এ মামলায় জড়িয়ে পড়া নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’নাফিসের পক্ষে তাঁর পরিবার কোনো আইনজীবী নিয়োগ দেয়নি। যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার স্বাভাবিক নিয়মে আদালত আইনজীবী হেইডি সিজারকে নাফিসের পক্ষে নিয়োগ দেন। বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী মঈন চৌধুরী বলেন, স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় নাফিসকে লঘু দণ্ড দেওয়া হতে পারে। যে আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাতে যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা। কিন্তু স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় তাঁর বিরুদ্ধে দণ্ডাদেশের পর আদালতে আপিল করার সুযোগ থাকবে না। গণমাধ্যমের খবর ও নিউইয়র্ক পুলিশের বর্ণনা অনুযায়ী, সন্ত্রাসীদের পাকড়াও করতে যুক্তরাষ্ট্রের ‘স্টিং অপারেশন’ নামের পাতা ফাঁদে পা দেন রেজওয়ানুল। গত বছরের জানুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে যান তিনি। তবে অভিযোগ ওঠে, পড়াশোনা করতে নয়, যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা চালানোর উদ্দেশেই যুক্তরাষ্ট্রে যান রেজওয়ানুল। সেখানে তিনি ‘খুব বড়’ হামলা চালানোর জন্য সমমনা লোক খুঁজছিলেন। হামলার জন্য তিনি যে সহযোগীদের জোগাড় করেন, তাঁর একজন ছিলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ছদ্মবেশী ইনফরমার বা তথ্যদাতা। পুলিশ ও এফবিআই বলেছে, সহযোগী হিসেবে সখ্য গড়ে তোলা ছদ্মবেশী গোয়েন্দারা রেজওয়ানুলকে সাজানো ‘বিস্ফোরক’ ও নকল ডেটোনেটর সরবরাহ করে। গত বছরের ১৭ অক্টোবর সেগুলো নিয়ে হামলা চালাতে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।