দোষারোপ নয়, উত্তরণের পথ বের করা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের সমস্যা নিরসনে কোনো দোষারোপ নয়, বরং সমস্যা থেকে উত্তরণের পথ বের করাটাই এখন জরুরি বলে মনে করেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আধুনিক বাংলাদেশের ভিত্তি বলা যায় তৈরি পোশাকশিল্প খাতকে। জাতীয় অর্থনীতির কেন্দ্রবিন্দু এই খাত। তবে শুধু অর্থনৈতিক নয়, খাতটিকে ভাবতে হবে সামাজিক দিক থেকেও। কারণ, ৪০ লাখ নারী এই খাতে কাজ করেন।’রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘সাভার ট্র্যাজেডি, শ্রমিক কল্যাণ এবং সম্ভাব্য অর্থনৈতিক সংকট: কী করতে হবে’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। পিপিআরসির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সংলাপ সঞ্চালনা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এ তসলিম। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সংলাপে অংশ নেন। সংলাপে ড. ইউনূস বলেন, গোটা বিষয়টিকে দেখতে হবে চিকিৎসকের মতো। অসুবিধা হচ্ছে, চিকিৎসা দরকার। কোনো দোষারোপ নয়। আর আধুনিক বাংলাদেশের ভিত্তিই যদি হয় পোশাকশিল্প খাত, তাহলে শ্রমিকদেরও আধুনিক মানুষ হওয়ার সুযোগ দিতে হবে। সঠিক মজুরি দিতে হবে। মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘পোপের মতে, ৪০ লাখ ক্রীতদাস রয়েছেন। আমরা যেন সত্যিই তাঁদের ক্রীতদাসে পরিণত না করি। তাঁদের মজুরি এমন হতে হবে, যেন তাঁরা সুখী মানুষ হিসেবে বসবাস করতে পারেন। বিশ্বদরবারে যেন আমরাও বলতে পারি, “ক্রীতদাসের মতো বেঁচে থাকতে চাই না। বাঁচতে চাই মানুষ হিসেবে। আর ক্রীতদাসের শ্রম বিক্রি করে আমরা অর্থনীতি গড়তে চাই না।”’ ‘দেশের ভবিষ্যৎ হিসেবে চিন্তা করলেও মূল বিষয় যেন আমরা ভুলে না যাই’—এ কথা উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘পোশাকশিল্প, শ্রমিক ও বাংলাদেশ—এই তিনকে রক্ষা করতে হবে। গড়ে তুলতে হবে একটি সংহতিপূর্ণ জাতি। মনে রাখতে হবে, আমাদের শ্রমিকেরা বিশ্ববাজারেরও শ্রমিক। সুতরাং, বিশ্বমানের মজুরিও তাঁদের দরকার।’ ড. ইউনূস বলেন, ‘এমন একসময় আমরা আলোচনা করছি, যখন সাভারের ধ্বংসস্তূপ থেকে এখনো বের করে আনা হচ্ছে শ্রমিকের লাশ। আর এটি এমন এক ঘটনা, যা আমাদের মন থেকে কখনোই মুছে ফেলা যাবে না। এত বড় ঘটনার পরও যদি আমাদের বোধোদয় বা পরিবর্তন না হয়, তাহলে ধিক্ আমাদেরকে।’ ড. ইউনূস বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটে, তাহলে একে “অমোঘ নিয়তি” বলে মেনে নেব না। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এ ঘটনার জন্য আমরা সবাই দোষী। আমরা যদি দোষ মেনে নিই, আমরা আত্মসমালোচনা করি, তাহলেই আমরা শুদ্ধ হতে পারব।’ মুহাম্মদ ইউনূস বলেন, নানা দুর্ঘটনার কারণে জায়গা ছোট হয়ে আসছে। যুক্তরাষ্ট্র জিএসপি দেবে কি না চিন্তা করছে। ডিজনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশি পোশাক কিনবে না। ইউরোপীয় ইউনিয়নও চিন্তা করছে কী করবে। এগুলো ভালো লক্ষণ নয়। পোশাকশিল্পের জন্য স্বচ্ছতা সূচক তৈরি হওয়া দরকার বলে মনে করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতার সঙ্গে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেরই পোশাকশিল্প নিয়ে স্বচ্ছতা সূচক করা যায় কি না, তা নিয়ে কথা বলেছি।’সংলাপে অংশ নিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, সাভার ট্র্যাজেডি এ দেশের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা। এ ঘটনা সরকারের বড় ধরনের ব্যর্থতা। তৈরি পোশাকশিল্পের তদারকির জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রেহমান সোবহান বলেন, ভবনধস মানেই হলো বড় ধরনের কাঠামোগত সমস্যা। এ সমস্যা দূর করতে সরকারের দায়িত্বই প্রধান। তৈরি পোশাক খাতে সুশাসনের দিক থেকেও বড় ধরনের সংকট রয়েছে বলে মনে করেন তিনি। পোশাক কারখানার সার্বিক কর্মপরিবেশ বর্তমানে কী পর্যায়ে রয়েছে এবং এ ব্যাপারে সরকার ও কারখানার মালিকেরা যা বলছেন তা কতটা সত্যি, তা তদারক করতে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বেসরকারি সংস্থাগুলো মিলে যৌথ পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীও বলেন, এটি একটি সরকারি ব্যর্থতা। কারণ, সরকারের আইন আছে, প্রয়োগ নেই। পরিকল্পনা আছে, বাস্তবায়ন নেই। আরেক সাবেক উপদেষ্টা গোলাম কাদের বলেন, বড় সমস্যা হলো, ভবন নির্মাণে ঠিকাদারদের দিয়ে ডিজাইন করিয়ে নিজের নামে স্বাক্ষর করেন এ দেশের অনেক প্রকৌশলী। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, শুরুর দিকে বাসাবাড়িতে তৈরি হয়েছিল পোশাক কারখানা। পরে একই ভবনে পোশাক কারখানাও রয়েছে, অন্য কিছুও হয়েছে। যেমন রানা প্লাজা। তারও পরে পোশাক কারখানার জন্যই ভবন তৈরি হয়েছে।মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, নিরাপত্তা ও অধিকার থাকতে হবে বাংলাদেশি শ্রমিকদের। তাঁদের কণ্ঠ হতে হবে আরও বলিষ্ঠ। আর কোনো তাজরীন বা রানা প্লাজা ট্র্যাজেডি ঠেকাতে চাইলে জরুরি ভিত্তিতে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া দরকার।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সাভার ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে যাঁরা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তদারকিতে রাখতে হবে। প্রতিশ্রুতি রক্ষায় আগামী বাজেটে অর্থ বরাদ্দ থাকছে কি না, তা-ও দেখতে হবে। আগামী জুন-জুলাই থেকেই শ্রমিকের ন্যূনতম মজুরি ছয় হাজার টাকায় উন্নীত করার পরামর্শ দেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী। তিনি বলেন, মালিকের আরাম-আয়েশ বজায় রাখতে গেলে শ্রমিকেরা বঞ্চিতই থাকবেন। অনেক কারখানার মালিকের দেশের বাইরে দ্বিতীয় বাড়ি রয়েছে।কর্মজীবী নারীর প্রধান শিরীন আখতার বলেন, সবার আগে দরকার নিরাপদ কর্মপরিবেশ। পোশাক কারখানায় যৌন হয়রানি বন্ধ করতে হবে এবং টেনে ধরতে হবে লাভের পাগলা ঘোড়ার রাশ। শ্রমিকনেত্রী নাজমা আখতার বলেন, তৈরি পোশাকশিল্পে যত ভালো হয় দেশের ও বিদেশের, যত ক্ষতি হয় শ্রমিকের। নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান তিনি। আলোচনায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, স্থপতি মোবাশ্বের হোসেন, বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, দুই শ্রমিকনেতা ওয়াজেদুল ইসলাম খান ও রায় রমেশচন্দ্র, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সচিব অ্যান্ড্রু বারনার্ড, সাবেক ব্যাংকার মামুনুর রশীদ, সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো. এনামুর রহমান প্রমুখ।