দোষী পুলিশদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পেটানো পুলিশের নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামসহ দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।গতকাল সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে এসি শহীদুলকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়। এদিকে, রাজধানীর ট্রমা সেন্টার হাসপাতালে ভর্তি আহত তিন আলোকচিত্র সাংবাদিক খালেদ সরকার, জাহিদুল করিম ও সাজিদ হোসেনকে দেখতে গিয়েছিলেন রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তাসহ অনেকে। আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এক সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশি।গতকাল বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সমাবেশের আয়োজন করে। সমাবেশে সংহতি জানিয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাও একই দাবি করেন। তাঁরা পুলিশি হামলায় প্রথম আলোর আহত আলোকচিত্র সাংবাদিকদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি জানান। দেশের সংগঠনগুলো ছাড়াও সংহতি জানান ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের দক্ষিণ এশিয়ার প্রোগ্রাম ম্যানেজার সুকুমার মুরালি ধরন। সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সাংবাদিক নির্যাতন যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।সমাবেশ শেষে সাংবাদিকদের সংগঠনগুলো যৌথ সভায় বসে। সভায় সিদ্ধান্ত হয়, আজ সোমবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলন করা হবে। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকে সর্বস্তরের সাংবাদিকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। মানববন্ধনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে বিক্ষুব্ধ সাংবাদিকেরা এসি শহীদুলসহ দোষী পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে প্রেসক্লাবসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় পুলিশ ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। মিছিল শেষে শুরু হয় সমাবেশ।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, এসি শহীদুলের পুলিশ প্রশাসনে থাকার কোনো যোগ্যতা নেই। তাঁকেসহ দোষী পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করতে হবে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা নির্যাতনের শিকার হবেন না। অথচ প্রথম আলোর তিন ফটোসাংবাদিককে একসঙ্গে নির্মমভাবে প্রকাশ্য রাস্তায় পেটানো হলো। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা সাংবাদিক সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেন না। শুধু সাংবাদিক পেটাতে পারেন। আর কত সাংবাদিকের রক্ত চান?’ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বলেন, এসি শহীদুল প্রমাণ করেছেন, তাঁর প্রশিক্ষণ ও লেখাপড়ার কোনো মূল্য নেই। তাঁকে চাকরিচ্যুত করতে হবে। নির্যাতিত ফটোসাংবাদিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সংগঠনের সাধারণ সম্পাদক নূরুউদ্দিন আহমেদ বলেন, শহীদুলসহ দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নিতে হবে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘নির্যাতন, হুমকিসহ বিভিন্ন সমস্যার কারণে আমরা সাংবাদিকেরা নিরাপদে কাজ করতে পারছি না।’সমাবেশে বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, বাংলাদেশ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি আজিজুর রহিম, প্রথম আলোর প্রধান আলোকচিত্র সাংবাদিক জিয়া ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব ও ডিআরইউর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সময় বেঁধে দেওয়া ছাড়াও সভায় সিদ্ধান্ত হয়, সাংবাদিক পেটানোর ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজধানীর বাইরে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হবে। আজকের মধ্যে দাবি মানা না হলে কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে গত দুই দিনে আহত সাংবাদিকদের দেখতে গিয়েছিলেন অনেকে। গত শনিবার রাতে তাঁদের দেখতে যান তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপির একদল নেতা আহত সাংবাদিকদের দেখতে যান। তাঁদের মধ্যে ছিলেন: সাংসদ বরকতউল্লা, আবুল খায়ের ভূঁইয়া, নিলুফার ইয়াসমিন, কেন্দ্রীয় নেতা আ ন ম এহছানুল হক ও শামীমুর রহমান। তাঁরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ও দোষী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেন।বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, যুগ্ম কমিশনার মিলি বিশ্বাস, আবদুল জলিল, শেখ মারুফ হাসান, তেজগাঁও বিভাগের উপকমিশনার ইমাম হোসেন আহত সাংবাদিকদের দেখতে যান।এরপর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তাঁদের দেখতে যান।রাতে ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। আহত সাংবাদিকেরা তাঁকে ঘটনা সম্পর্কে আদ্যোপান্ত জানান।