দোষী পুলিশদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে প্রথম আলো সম্পাদকের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে লিখিত চিঠি দিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। একই ধরনের চিঠি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে।আজ সোমবার বিকেলে প্রথম আলোর একজন কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরে চিঠিগুলো পৌঁছে দিয়ে আসেন।চিঠিতে মতিউর রহমান উল্লেখ করেন, ‘গত ২৬ মে প্রথম আলোর তিনজন ফটোসাংবাদিক ও একজন প্রদায়ককে পুলিশ যেভাবে নির্যাতন করেছে, তা আমাদের খুবই মর্মাহত ও আতঙ্কগ্রস্ত করেছে।’চিঠিতে বলা হয়, ‘শত শত লোকের সামনে পুলিশ এই তিনজন সাংবাদিককে কেবল পিটিয়েই ক্ষান্ত হয়নি, তাঁদের টানাহেঁচড়া করে থানায় নিয়ে যায়। একটি কক্ষে তাঁদের আটক রেখে মামলার হুমকি দেয়। থানায় তাঁদের তৃষ্ণা নিবারণের পানিটুকু পর্যন্ত দেওয়া হয়নি। বরং পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহিদুল ইসলাম তাঁদের তিনজনেরই মুঠোফোন কেড়ে নেন। পরে প্রথম আলোর একজন প্রতিবেদক ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা থানায় এসে তাঁদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যান। এই তিনজন সাংবাদিকই এখন ট্রমা সেন্টারে চিকিত্সাধীন।’এতে বলা হয়, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের মতো একটি দায়িত্বশীল সুশৃঙ্খল বাহিনীর কাছে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিশেষত, যেখানে একজন পদস্থ কর্মকর্তা নিজেই ঘটনার নেতৃত্ব দিয়েছেন। এটি কেবল যে পুলিশের সুনাম ও শৃঙ্খলাভঙ্গই নয়, ফৌজদারি অপরাধও বটে। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তবে ইতিমধ্যে এসি শহিদুলসহ পুলিশের ১০ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা আশা করছি, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি আইনের আওতায় আনা হবে।’ঘটনার বর্ণনা দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, ‘আলোকচিত্র সাংবাদিক সাজিদ হোসেন ওই দিন দুপুরে পলিটেকনিকের ছাত্রীদের বিক্ষোভের ঘটনার ছবি তুলতে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় যান। অবরোধের কারণে রাস্তার একপাশ বন্ধ থাকায় সাজিদ হোসেন মোটরসাইকেলে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ির পেছন ধরে আগারগাঁও মোড়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশের সদস্যরা সাজিদকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল থামান। একজন কর্মকর্তা জানতে চান, তিনি কেন উল্টোপথে আসছিলেন। সাজিদ হোসেন নিজের পরিচয় দিয়ে ঘটনার কারণ ব্যাখ্যা করেন। এ সময় তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম কোনো প্ররোচনা ছাড়াই সাজিদকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকেন। সাজিদ এ সময় ওই পুলিশের কর্মকর্তাকে দুর্ব্যবহার না করার অনুরোধ করলে জনাব শহীদুল এসে তাঁকে চড় মারেন। এরপর পুলিশের অন্য সদস্যরা যোগ দিয়ে তাঁকে নির্মমভাবে পেটাতে থাকেন। ঘটনাস্থলে থাকা প্রথম আলোর আরেকজন ফটোসাংবাদিক জাহিদুল করিম সাজিদকে না মারার জন্য পুলিশকে বারবার অনুরোধ করেন। পুলিশ তাঁর অনুরোধ না শুনলে একপর্যায়ে জাহিদুল ঘটনার ছবি তুলতে শুরু করেন। জনাব শহিদুল ও পুলিশের অন্য সদস্যরা তখন জাহিদুলের ওপর চড়াও হন। খবর পেয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক খালেদ সরকার সেখানে যান। তিনি তাঁর দুই সহকর্মীর ওপর পুলিশি নির্যাতনের ছবি তুলতে থাকেন। পুলিশ তাঁকেও পেটাতে থাকে। এ সময় খালেদের সঙ্গে থাকা প্রথম আলোর প্রদায়ক হাসান ইমাম মোবাইল দিয়ে ঘটনার ছবি তুলতে চাইলে পুলিশ তাঁকেও পেটায়।’