সোনালী ব্যাংক থেকে হলমার্কের অর্থ আত্মসাত্
দোষী ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের শাস্তি চায় এফবিসিসিআই
দুর্নীতিপরায়ণ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ীর ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি এসব অসাধু ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আজ বুধবার এফবিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।এফবিসিসিআই বলছে, ব্যাংকিং খাতের শৃঙ্খলা নষ্ট করছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এফবিসিসিআই কিছু অসাধু ব্যবসায়ীর এসব অনৈতিক ও অসাধু কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হলমার্ক গ্রুপের নামে সোনালী ব্যাংক থেকে দুর্নীতির মাধ্যমে ঋণ নেওয়া ও দেওয়ার সঙ্গে জড়িত তথাকথিত ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকারসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে এফবিসিসিআই সমর্থন জানায়।’এফবিসিসিআই বলেছে, দেশের কোনো বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়ী নামধারীদের অর্থ আত্মসাতের মতো আর্থিক অনিয়ম ও অব্যস্থাপনা কখনোই কাম্য হতে পারে না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে প্রকৃত শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণ না পাওয়ার আশঙ্কা থেকে যায়। এতে সার্বিক উত্পাদনব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।