দোষীদের খুঁজে বের করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হেয়ার রোডের বাসায় ককটেল নিক্ষেপের বিষয়টিকে সরকার ছোট করে দেখতে চায় না। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসা লক্ষ্য করে দুষ্কৃতকারীরা দুটি ককটেল ছুড়ে মারে। এর পরপরই ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি রক্ষার জন্য কেউ প্রধান বিচারপতির বাড়িতে ককটেল মারবে, এটা আমরা ভাবতে পারি না। তবে যদি বাড়ির জন্য এ ঘটনা ঘটে, তবে অবশ্যই সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।’ রমনা জোনের উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় জানান, এ সময় প্রধান বিচারপতি বাসায় ছিলেন। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তাঁরা অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তবে তাত্ক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এবং র্যাবের মহাপরিচালক মোকলেসুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেন।