২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতা
দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ২০০১ সালে নির্বাচনোত্তর আওয়ামী লীগের নেতা-কর্মী, সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের ওপর সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন জাতির কাছে শিগগির পেশ করা হবে। তিনি বলেন, তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী দোষী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সহিংস ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা যদি এখন মামলা করতে চান, সরকার তাঁদের সহযোগিতা করবে।আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন নেওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন।তদন্ত কমিশনের সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মনোয়ার হোসেন আকন্দ তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ দাখিল করেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে ব্যাপক সহিংস ঘটনা ঘটায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের খুন করে। সংখ্যালঘুদের বাড়ি-ঘরে লুটতরাজ, অগ্নিসংযোগ এবং বসতবাড়ি উচ্ছেদ, জমি দখল করে। নারী ধর্ষণসহ অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন চালায়। তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার সংখ্যালঘুদের এ দেশ থেকে বিতাড়িত করতে যা করা দরকার, তাই করেছিল।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে সংঘটিত সহিংস ঘটনার কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে একটি মানবাধিকার সংস্থা হাইকোর্টে রিট (পিটিশন নম্বর ৭৪৯/২০০৯) দায়ের করে। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে সরকার ২৭ ডিসেম্বর ২০০৯ তারিখে তিন সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিশন করে।কমিশনের সদস্যরা হলেন মোহাম্মদ সাহাবুদ্দিন, সাবেক জেলা ও দায়রা জজ সভাপতি; মনোয়ার হোসেন আকন্দ, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (সদস্য) ও মীর শহীদুল ইসলাম, যুগ্ম কমিশনার, ঢাকা মহানগর পুলিশ।প্রতিবেদনে ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিবরণ আলাদাভাবে পাঁচ খণ্ডে উপস্থাপন করা হয়েছে।তদন্ত কমিশনের সদস্য মনোয়ার হোসেন আকন্দ বলেন, পাঁচ খণ্ডের চূড়ান্ত প্রতিবেদনটি এক হাজার ৭৮ পাতার। এটি বাংলাদেশের বৃহত্তম তদন্ত প্রতিবেদন। তদন্তকালে সারা দেশ থেকে পাঁচ হাজার ৫৭১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ৩৫৫টি এবং লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ তিন হাজার ২৭০টি।এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩-০৬ সাল পর্যন্ত ১৪ হাজারের মতো সহিংস ঘটনা ঘটেছে। বাসস।