দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হানিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে জানানো হয়েছে।’ আজ মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ আজ কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বিরোধী দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি প্রসঙ্গে হানিফ বলেন, ‘সিইসিসহ নির্বাচন কমিশনে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধে তথ্য-প্রমাণসহ বিএনপি এখনো এমন কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি, যার কারণে তাঁদের পদত্যাগ করতে হবে।’পরে হানিফ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশেষ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে গত ৮ সেপ্টেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২২ অক্টোবর থেকে পূজা ও ঈদুল আজহার ছুটি দেওয়া হয়। ১০ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা চালু হবে বলে জানানো হয়। এই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে সম্প্রতি ‘প্রথম আলো’তে ‘ছাত্রলীগের হাতে জিম্মি ইসলামী বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।