দোষীদের শাস্তি দিতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত সরকারিভাবে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাজারের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, তা না হলে ভবিষ্যতে দেশের শেয়ারবাজারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তা ছাড়া বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের উদ্যোগ জরুরি ভিত্তিতে নিতে হবে। বর্তমান কমিশনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে গেছে। ফলে তাদের পক্ষে নতুন করে বাজারের নজরদারি করা সম্ভব নয়। তাই কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যকেই পরিবর্তন করে সৎ ও যোগ্য ব্যক্তিদের কাছে সংস্থাটির নেতৃত্বের ভার তুলে দিতে হবে। এ নিয়ে অনিশ্চয়তার দোলাচল পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হতে পারে। প্রথম আলো আয়োজিত ‘শেয়ারবাজার: প্রতিবেদনের পর কী’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নিয়ন্ত্রক সংস্থার সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদসহ বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব সুপারিশ করেন। আলোচকেরা বলেছেন, প্রতিবেদন নিয়ে অনিশ্চয়তার কারণে বাজার-নজরদারি দুর্বল হয়ে পড়েছে। মাঠে কোনো রেফারি না থাকায় এ সুযোগে নতুন করে খেলা শুরু হয়েছে। তাঁদের মতে, ধারণার আগে বাজারে ধস নেমেছে। এ কারণে অনেকেই তাঁদের উদ্দেশ্য হাসিল করতে পারেননি। সেই অসমাপ্ত কর্মসম্পাদনের জন্য তাঁরা আবার নতুন করে সংগঠিত হচ্ছেন। বলা যায়, খেলা এখনো চলছে। প্রথম আলোর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। বৈঠকে সূচনা বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম এবং বাণিজ্য ও যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন যৌথভাবে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।সূচনা বক্তব্য: বৈঠকের শুরুতে মতিউর রহমান বলেন, গত ডিসেম্বর মাসে বাজার অস্থিতিশীল হওয়ার পর প্রথম আলোর পক্ষ থেকে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল। তখন আশা করা হয়েছিল, বাজার ঘুরে দাঁড়াবে এবং অস্থিতিশীলতা তৈরির জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। এর পর সরকারও একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি এরই মধ্যে বাজার-ধসের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ঘটনা ও সুপারিশসহ সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন কথা বলছেন। কিন্তু ২০ দিন অতিবাহিত হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এসব অনিশ্চয়তার কারণে বাজার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিনিয়োগকারীরা আবারও রাস্তায় বিক্ষোভ করছেন। এটা মোটেও মঙ্গলজনক নয়। তিনি বলেন, বাজারে যদি ১০ লাখ বিনিয়োগকারীও থাকেন, তার মানে ১০ লাখ পরিবার। এর সঙ্গে ভোটের সম্পর্ক রয়েছে। কিন্তু সরকারের দিক থেকে সেভাবে তৎপরতা দেখা যাচ্ছে না।মতিউর রহমান বলেন, ১৯৯৬ সালে বিগত আওয়ামী লীগ সরকারের সময় শেয়ারবাজারে একবার কেলেঙ্কারি হয়েছিল। সেবারও কিছু হয়নি। এবারও যদি না হয়, তাহলে তা ভালো দৃষ্টান্ত হবে না।তদন্ত প্রতিবেদন প্রকাশ: ফারুক আহমেদ বলেন, সরকার প্রতিবেদন প্রকাশ না করলেও পত্রিকা ও বিভিন্ন ওয়েবসাইটে তা পাওয়া যাচ্ছে। তাই সরকারিভাবে প্রকাশের খুব একটা গুরুত্ব নেই। তার পরও অনিশ্চয়তা দূর করতে সরকারের উচিত অবিলম্বে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা। প্রতিবেদনের যে বিষয়গুলো সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হবে, তা গ্রহণ করে বাস্তবায়ন করবে। আর যেগুলো অধিকতর তদন্ত প্রয়োজন, সেগুলোর পুনঃতদন্ত করে ব্যবস্থা নিতে হবে। প্রতিবেদন প্রকাশ নিয়ে সৃষ্ট জটিলতা প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এখন প্রশ্ন করা যায়, ‘প্রতিবেদন তুমি কার? কমিটির, সরকারের, না প্রতিবেদনে যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁদের?’ তিনি বলেন, প্রতিবেদন কেবল প্রকাশ করাই নয়, গ্রহণ করাও উচিত। প্রকাশ মানেই গ্রহণ করা নয়। একই সুপারিশ করে শাকিল রিজভী বলেন, দেশে সবার আগ্রহ প্রতিবেদনে কার কার নাম আছে, সে ব্যাপারে। কিন্তু নাম আছে কি না, সেটা মূল বিষয় নয়, দেখতে হবে দোষ আছে কি না। নাম থাকলেই তাঁকে দোষী ভাবা ঠিক হবে না। দোষী সাব্যস্ত করতে গেলে নামের পেছনে সংগত কারণ থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিবেদনের ভিত্তিতে সরকারের সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি আসতে হবে। এ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার কারণে বাজার-সংশ্লিষ্ট সবাই সিদ্ধান্তহীনতায় রয়েছেন, যা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিদ্ধান্তহীনতা সবচেয়ে খারাপ সিদ্ধান্তের চেয়েও খারাপ। সরকারের সিদ্ধান্তহীনতার কারণে বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগকারীরাও এখন বুঝে উঠতে পারছেন না, তাঁরা কী করবেন। এসইসি পুনর্গঠন: ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘প্রতিবেদন প্রকাশের পর সবার আগে যে কাজটি করতে হবে, তা হলো এসইসির পুনর্গঠন। এসইসির পুনর্গঠন না করলে বাজারের ওপর সংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থা তৈরি হবে না। এ পুনর্গঠনের কাজটি হতে হবে তিনটি ধাপে। প্রথম ধাপে বর্তমান কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্যকে বিদায় দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, কমিশনের সবাইকে বিদায় না করলে পুনর্গঠন সম্পন্ন হবে না। আর তদন্ত প্রতিবেদনে এসইসির যে কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ এসেছে, সংস্থাটির নিজস্ব বিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে হবে। তবে এসইসি বদলালেই সব কিছু বদলে যাবে, তাও ভাবা ঠিক হবে না। চার-পাঁচ বছর আগে শেয়ারবাজারে দৈনিক লেনদেন হতো ৩০-৩৫ কোটি টাকা। একপর্যায়ে সেই লেনদেন তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। কিন্তু তখন যে এসইসি ছিল, যে নজরদারি বিভাগ ছিল, এখনো সেটাই আছে। সেই এসইসির পক্ষে এত বিশাল বাজার নিয়ন্ত্রণ সম্ভব ছিল কি না, সেটিও ভেবে দেখতে হবে।এসইসির এই সাবেক চেয়ারম্যান বলেন, কমপক্ষে তিনজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, দুজন আইনজ্ঞ ও অন্তত একজন আর্থিক বিশ্লেষক নিয়োগ দেওয়া প্রয়োজন। সরকারি বেতন কাঠামো দিয়ে এ ধরনের লোক পাওয়া যাবে না। তাই এসইসির জন্য আলাদা বেতন কাঠামোর কথাও সরকারকে ভাবতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বলা হচ্ছে, এসইসি পুনর্গঠনের জন্য যোগ্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ পাওয়া যাওয়ার বিষয়টি নির্ভর করবে আপনি কীভাবে খুঁজছেন, তার ওপর। আপনি যদি নিজের আশপাশে দেখেই বলে দেন যোগ্য মানুষ নেই, তাহলে তা সঠিক হবে না। এ দেশে অনেক যোগ্য মানুষ রয়েছে উল্লেখ করে তিনি সার্চ কমিটির মাধ্যমে লোক খোঁজার পরামর্শ দিয়ে বলেন, এ মুহূর্তে এসইসিতে সৎ ও দক্ষ হিসেবে সুনাম রয়েছে এমন ব্যক্তি নিয়োগ দেওয়া হলেই কাজ অনেক দূর এগিয়ে যাবে। একটি ক্ষমতায়িত এবং সক্ষম এসইসির মাধ্যমে পরবর্তী সংস্কার কাজগুলো হতে হবে।শাকিল রিজভী বলেন, এসইসির সততা লাগবে এটা ঠিক। কিন্তু এসইকে দোষ দিলেই চলবে না। বাজার-সংশ্লিষ্ট সবাইকে এসইসিকে সহযোগিতা করতে হবে। সে জন্য সংশ্লিষ্ট সবার উচিত, নিয়মের মধ্যে থেকে কাজ করা। একই মত প্রকাশ করে আরিফ খান বলেন, ‘এসইসিতে লোকবল অনেক কম। মাত্র তিনজন লোক সার্ভিল্যান্স বিভাগে কাজ করেন। এত বাজারের নজরদারি এত কম লোক দিয়ে সম্ভব নয়। তা ছাড়া এসইসির সব কর্মকর্তাকে ঢালাওভাবে অনৈতিক বলা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে একমত নই। প্রতিষ্ঠানটির ভাবমূর্তির জন্যই এ ধরনের বাছবিচারহীন মন্তব্য করা বন্ধ হওয়া দরকার।’ তিনি বলেন, ‘এসইসির চেয়ারম্যানকে বাজার বুঝতেই হবে, এটা আমি বিশ্বাস করি না। তাঁকে প্রথমত সৎ ও প্রশাসনিকভাবে দক্ষ হতে হবে। বাকিটা তিনি কাজ করতে করতে অর্জন করতে পারবেন।’দোষীদের শাস্তি: পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ টেনে আরিফ খান বলেন, ‘ওই সব দেশের শেয়ারবাজারে অনেক বড় বড় কারসাজির ঘটনা ঘটেছে। কিন্তু দোষীরা যত শক্তিশালীই হোক, তাদের শাস্তির মুখোমুখি দাঁড়াতে হয়েছে। আমাদেরও সেদিকে যেতে হবে। এত বড় ঘটনার পর যদি দু-একজনেরও শাস্তি না হয়, তাহলে সবাই বলতে শুরু করবে, এ দেশে কিছুই হয় না। অপরাধীরা আবার উৎসাহিত হবে। আর এভাবে চলতে থাকলে পাঁচ বছর পর আবার একই ঘটনা ঘটবে।’ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, প্রতিবেদনে যাঁদের নাম এসেছে আইনগতভাবে তাঁদের দোষী প্রমাণ করা কঠিন। তা ছাড়া তাঁরা পুঁজিবাজারের কোন আইন ভঙ্গ করেছেন, তার কোনো উল্লেখ নেই। অথচ তাঁদের শাস্তি দিতে গেলে বিষয়টি একপর্যায়ে আদালতে গড়াবে। কিন্তু আদালতে আবেগের কোনো জায়গা নেই। আদালত তথ্যপ্রমাণ চাইবেন। শাস্তি দেওয়ার আগে পুনঃতদন্ত করে আইনকানুনের ভিত্তিতে শক্তভাবেই ধরতে হবে। তা না হলে ’৯৬ সালের ঘটনার মতো এবারের ঘটনার কোনো ফল পাওয়া যাবে না। এসইসির পুনর্গঠনের পরই এ কাজটি দেখা দরকার। ইয়াওয়ার সাঈদ বলেন, অর্থমন্ত্রী বলেছেন ’৯৬-এর ঘটনার মামলা নিষ্পত্তি করা যায়নি সাক্ষীর অভাবে। কিন্তু আর্থিক দুর্নীতি প্রমাণ করতে সাক্ষীর দরকার নেই, দরকার প্রমাণ। ওই ঘটনার অসংখ্য প্রমাণ রয়েছে। আসলে পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের আগ্রহের ওপর। আসল কারসাজি কোথায়: ফারুক আহমেদ বলেন, ‘তদন্ত প্রতিবেদনে এবারের ধসকে অনেক বেশি প্রাথমিক বাজার (প্রাইভেট প্লেসমেন্ট, বুক বিল্ডিং, অতিরিক্ত প্রিমিয়াম) থেকেই উৎসারিত বলে উল্লেখ করা হয়েছে। আমি নিজে এ ধারণার সঙ্গে পুরোপুরি একমত নই। কারণ সেকেন্ডারি বাজার অতিমূল্যায়িত হয়েছে বলেই প্রাথমিক বাজারে কারসাজির সুযোগ তৈরি হয়েছে। এখন দেখতে হবে, যাঁরা প্রাথমিক বাজারের সুযোগ নিয়েছিলেন, সেকেন্ডারি বাজার অতিমূল্যায়িত করার পেছনে তাঁদের কোনো ভূমিকা ছিল কি না।’ তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত ধারণা, যাঁরা উচ্চমূল্যে শেয়ার ছাড়তে চেয়েছিলেন, তাঁরাও চেয়েছিলেন বাজার আরও কিছুদিন উচ্চমূল্য থাকুক। যাতে তাঁদের শেয়ার বিক্রি করতে পারেন। কিন্তু বাজারে ধসের কারণে সেটা আর সম্ভব হয়নি। এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে বলা যায়। কারণ অতিমূল্যে শেয়ারগুলো বাজারে এলে আরও বড় ধরনের বিপর্যয় হতে পারত।’একই মত প্রকাশ করে আরিফ খান বলেন, ‘শেয়ারের তুলনীয় দাম (রেফারেন্স ভেলু) বাড়াতে সার্কুলার ট্রেডিংয়ের মতো ঘটনা ঘটানো হয়েছে। যাতে রোড শোতে বলা যায়, অমুক কোম্পানির দাম এত, তাই আমাদের কোম্পানির দাম এত হতে পারে।’ইয়াওয়ার সাঈদ মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ নিয়ে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগসাজশ ছাড়া এ ধরনের অনিয়ম কখনোই সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি কোম্পানি রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব দু-তিনবার বাদ হয়ে যাওয়ার পরও প্রেফারেন্স শেয়ারের অনুমোদন পেয়েছিল। পুঁজিবাজারের সংকট ও অর্থনীতি: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুঁজিবাজারের সংকটকে নিতান্ত পুঁজিবাজারের সংকটের মধ্যে ভাবা হলে ভুল হবে। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, গত কয়েক বছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির কারণে সমাজের মধ্যবিত্ত অংশের হাতে কিছু বিনিয়োগযোগ্য সম্পদ জমা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ, গ্যাস ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বিনিয়োগের জায়গা না পেয়ে সেই অর্থ গুমরে মরেছে। ঐতিহাসিকভাবে মধ্যবিত্তরা ব্যাংকে টাকা রাখাকেই নিরাপদ মনে করেন। কিন্তু ব্যাংকিং খাতের সুদ হার কমে যাওয়ায় আমানতকারীরা উৎসাহ হারিয়ে ফেললেন। এ পরিস্থিতিতে টাকা সাধারণত জমি/ফ্ল্যাট, সোনা কেনা বা বিদেশে পাচার হয়। মধ্যবিত্তদের সেই সুযোগ কম থাকায় তাঁরা পুঁজিবাজারের দিকে ঝুঁকেছেন। আর এ সুযোগ কিছু গোষ্ঠী ব্যবহার করেছে। একদিকে প্রস্তুত বাজার ও অন্যদিকে বাজারে দুর্বল দেখভালের ফাঁকে তারা সহজে এ সুযোগকে কাজে লাগাতে পেরেছে। আর পুরো বিষয়টি সরকার অর্থনৈতিক দৃষ্টিকোণে না দেখে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখায় পরিস্থিতি সরকারের বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের জবাবদিহি: এ কে আজাদ বলেন, ব্যাংকগুলোর নিয়ন্ত্রণকারী বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নজরদারির দুর্বলতার সুযোগে ব্যাংকগুলো পুঁজিবাজার থেকে দুই হাজার কোটি টাকা মুনাফা তুলে নিয়েছে। অনেক ব্যাংকের অভার ড্রাফটের (ওডি) টাকা সরাসরি ব্রোকারেজ হাউসে গেছে, যা পুঁজিবাজারকে অতিমূল্যায়িত করতে ভূমিকা রেখেছে। অনেক ব্যাংক তার নির্দিষ্ট সীমার বাইরে অতিরিক্ত বিনিয়োগ করেছে। তখন বাংলাদেশ ব্যাংক কী করল—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এ ব্যাপারে অবশ্যই বাংলাদেশ ব্যাংককে জবাবদিহি করতে হবে। তিনি তদন্ত কমিটির উদ্দেশে প্রশ্ন করেন, কেন এ বিষয়টি এড়িয়ে যাওয়া হলো। তদন্ত কমিটির চরিত্রহনন: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির সদস্যদের চরিত্রহনন শুরু হয়েছে—এ কথা উল্লেখ করে আরিফ খান বলেন, কমিটির সদস্যদের নিয়ে যেভাবে লেখা হচ্ছে, তাতে সম্মানিত ব্যক্তিদের সম্মান থাকবে না। এ অবস্থা চললে ভবিষ্যতে কোনো ভালো মানুষ এ ধরনের কাজ করতে আগ্রহও দেখাবেন না।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যাঁদের নিয়ে সরকার তদন্ত কমিটি গঠন করেছিল, তাতে সরকারের সুনাম হয়েছিল। কিন্তু কমিটির প্রতিবেদন প্রকাশ নিয়ে অহেতুক বিলম্বের কারণে সেই সুনাম ক্ষুণ্ন হয়েছে বলা যায়। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব নাম রয়েছে কারণ, কমিটির কর্মপরিধিতেই তার উল্লেখ ছিল। ইয়াওয়ার সাঈদ বলেন, কমিটির প্রতিবেদনে যেসব ঘটনার কথা বলা আছে, তা সবারই জানা। কমিটি কেবল ঘটনাগুলো লিপিবদ্ধ করেছে।