দোষীরা শাস্তি না পেলে আবার কারসাজি হবে
১৯৯৬-এর শেয়ার কেলেঙ্কারির ঘটনায় কারও শাস্তি হয়নি। এবারও শাস্তি দেওয়া হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। বাজারসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা বলছেন, শাস্তি হয় না বলেই বারবার বাজার কারসাজির ঘটনা ঘটছে। তাঁরা মনে করেন, প্রচলিত আইনেই শাস্তি দেওয়া সম্ভব। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে এবারের তদন্ত কমিটিও দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। কমিটি মত দিয়েছে, ঘটনা ঘটলে তদন্ত কমিটি গঠন না করে সার্বক্ষণিক নজরদারির জন্য একটি স্থায়ী কমিটি বা টাস্কফোর্স থাকা উচিত।খোন্দকার ইব্রাহিম খালেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, এভাবে তদন্ত কমিটি গঠন করে তেমন লাভ হবে না। বরং সার্বক্ষণিক তদন্তের ব্যবস্থা থাকলে কারসাজি ঘটলেই ধরা সম্ভব হতো। ঘটনা চিহ্নিত করার সঙ্গে সঙ্গে শাস্তি দিলে কারসাজির ঘটনা অনেক কমে যাবে। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিদ্যমান আইনেই শাস্তি দেওয়া যায় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি বলেন, অন্যায়ের ধরন অনুযায়ী এসইসির কর্মকর্তাদের সংস্থাটির নিজের আইনেই শাস্তি দেওয়ার বিধান রয়েছে। এটা হলো স্থায়ী কর্মকর্তাদের ক্ষেত্রে। আর কেউ যদি চুক্তিতে নিযুক্ত থাকেন, সরকার সেই চুক্তি বাতিল করাসহ আইনি পদক্ষেপ নিতে পারে। মির্জ্জা আজিজুল আরও বলেন, অন্যদের শাস্তি দেওয়ার ক্ষেত্রেও আইন-কানুন রয়েছে। কিছু ক্ষেত্রে জরিমানা করা যায় ১০ হাজার টাকা থেকে শুরু করে সীমাহীন অঙ্কের। জেল হওয়ারও বিধান রয়েছে। তবে তার আগে স্পষ্ট করতে হবে, কে কোন আইনের কোন ধারা লঙ্ঘন করেছে। নইলে আদালতে প্রমাণ করা যাবে না।উদাহরণ দিয়ে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ফৌজদারি মামলার সঙ্গে তুলনা করা যায়। যেমন, এ ক্ষেত্রে প্রথমে অভিযোগ গঠন করে তারপর তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে কিছু প্রমাণ না পাওয়া গেলে ওখানেই চূড়ান্ত প্রতিবেদন। আর পাওয়া গেলে মামলা ওঠে আদালতে। শুনানি হয়, তারপর রায়। এ ক্ষেত্রেও সে রকম হবে।সূত্র জানায়, কমিটি বাংলাদেশ ব্যাংকের মতো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পরিদর্শন ও তদন্ত করার জন্য একটি আলাদা বিভাগ তৈরির সুপারিশ করেছে। এই বিভাগে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। তবে সবার আগে এসইসির পুনর্গঠন করা প্রয়োজন বলে মনে করেন খোন্দকার ইব্রাহিম খালেদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দিতে বিশেষ বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা সম্ভব এবং সেটাই উচিত। এ জন্য আইনজীবী ও অপরাধ বিশেষজ্ঞসহ বড় আকারের একটি কারিগরি কমিটি গঠন করতে হবে। চুলচেরা বিশ্লেষণ করে সেই কমিটি এমন সব তথ্যপ্রমাণ উদ্ধার করবে, যাতে আদালতে তা গ্রহণযোগ্য হয়। সালাহউদ্দিন আহমেদ খান মনে করেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না। খেয়াল রাখতে হবে, অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ড এক জিনিস নয়। বরং যে বিষয়গুলো পর্যবেক্ষণে এসেছে, সেগুলো থেকে কয়েকটিকে বাছাই করে গভীর তদন্তে যাওয়া দরকার। তিনি বলেন, ‘যথাযথ তদন্ত না করার ভুলটা হলে ’৯৬-এর পরিণতি হবে এবং অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।’এদিকে তদন্ত কমিটি সবচেয়ে বেশি প্লেসমেন্ট পেয়েছে এমন ৩০ ব্যক্তির একটি তালিকা প্রতিবেদনে সংযুক্ত করে দিয়েছে। কমিটি সরকারকে এ নিয়ে বিস্তারিত তদন্ত করার সুপারিশ করেছে। কমিটি বলেছে, এই ৩০ জন শীর্ষ প্লেসমেন্টধারীর অর্থসংস্থান ও আন্তসংযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে এসইসি। পাশাপাশি কমিটি প্লেসমেন্টে শেয়ার দেওয়ার পদ্ধতি বন্ধ বা সীমিত করার সুপারিশ করে বলেছে, বর্তমানে প্রাথমিক শেয়ারের আবেদনের বিপরীতে বহু গুণ অর্থ জমা পড়ছে। এ অবস্থায় প্লেসমেন্ট নিষ্প্রয়োজন। কমিটি মনে করে, প্লেসমেন্ট এখন ঘুষের আধুনিক সংস্করণে পরিণত হয়েছে। প্লেসমেন্টের নামে ঘুষ দেওয়ার অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনাও তদন্ত কমিটি জানতে পেরেছে বলে সূত্র জানায়। এদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি। অর্থ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। কমিটি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি একাধিকবার অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেছে এবং বৈঠকে দেওয়া তথ্য বৈঠকের পরপরই বড় বড় ‘মার্কেট প্লেয়ারের’ কাছে পাচার করা হয়েছে। কমিটি তদন্ত প্রতিবেদনে বলেছে, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তাদের মধ্যে শেয়ার লেনদেনের প্রবণতা সাম্প্রতিক সময়ে ব্যাপক বেড়েছে। অফিসের কাজকর্ম ফেলে কম্পিউটারে বসে শেয়ার কেনাবেচায় ব্যস্ত থাকার দৃশ্য প্রতিটি অফিসেই দেখা যাচ্ছে। এতে অফিসের কাজকর্মে ক্ষতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ও এসইসিতেও এ ধরনের ঘটনা অহরহ ঘটছে। ব্যাংকগুলোতেও এই প্রবণতা প্রবল।কমিটি আরও বলেছে, মিউচুয়াল ফান্ড ও আইপিওসহ বিভিন্ন ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে অনেক কম মূল্যে প্লেসমেন্ট দেওয়া ঘুষ প্রদানের নতুন সংস্করণে পরিণত হয়েছে। প্রভাবশালী কর্মকর্তাসহ অন্যদের আনুকূল্য লাভের প্রত্যাশায় এটি ব্যবহূত হচ্ছে। শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বেনামি প্লেসমেন্ট নিয়ে থাকেন। বেনামি চিহ্নিত করাও কঠিন। সরকারি ও প্রভাবশালী মহল সুবিধা নেওয়ার ফলে নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়ন্ত্রণযোগ্য মহলের দ্বারা প্রভাবিত হয়েছে এবং অকার্যকর হয়ে পড়েছে। তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে আরও বলা হয়েছে, পুঁজিবাজার বিনষ্টকরণে এসইসির ভূমিকা, নিয়ন্ত্রক সংস্থা হয়েও মার্কেট প্লেয়ারদের পরামর্শে পরিচালিত হওয়া এবং যোগসাজশে অনৈতিক কর্মে বৈধতা প্রদান, বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা, শৈথিল্য প্রদর্শন প্রভৃতি কারণে এসইসির ভাবমূর্তি অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে কমিশনের বৈধ নির্দেশ না মানারও সাহস জন্মেছে। কমিটি এ বিষয়ে উদাহরণ দিয়ে বলেছে, গত ২১ মার্চ এসইসির অনুমতি নিয়ে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডে তদন্ত কমিটি কাগজপত্র পরীক্ষার জন্য কর্মকর্তা পাঠালেও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মূর্তজা আহমেদ কার্যালয়ে ঢুকতে দেননি। পরদিন এসইসি আবারও ফোন করে লোক পাঠালে শেখ মূর্তজা আবার বাধা দেন। এ রকম আরও কিছু ঘটনা কমিটি প্রত্যক্ষ করেছে। এ ধরনের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুনরুদ্ধারে এসইসির বড় রকম পুনর্গঠন প্রয়োজন।সূত্র জানায়, তদন্ত কমিটি তিন শীর্ষ কর্তকর্তাকে অপসারণ করে এসইসির পুনর্গঠনের সুপারিশ করলেও সরকারের একটি অংশ ধীরে চলার নীতি অনুসরণ করতে চায়। মূলত প্লেসমেন্ট-বাণিজ্যের সুবিধাভোগীরাই এসইসির বর্তমান নেতৃত্বকে রক্ষার চেষ্টা করছেন। পাশাপাশি তদন্ত প্রতিবেদন যাতে প্রকাশ না পায় এবং যাতে ব্যবস্থা না নেওয়া হয়, সে জন্য অভিযুক্ত ব্যক্তিরা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ স্বার্থসংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে এসইসির প্রায়ই বৈঠক করাকে সমালোচনা করে বলেন, সারা বিশ্বেই ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য এসইসির মতো সংস্থাগুলো কাজ করে। কিন্তু আমাদের দেশে ঠিক তার উল্টো। এসইসি বরং স্বার্থ দেখে বড়দের।