দোহারে ইউপি মেম্বার প্রার্থীকে কুপিয়ে আহত
ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নুরু মোড়লকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তেরা। আজ বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নুরু মোড়লের পরিবার জানিয়েছে, আজ ভোরে ২০ থেকে ২৫ জন মুখোশ পরা অস্ত্রধারী দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে। এ সময় তারা নুরু মোড়লকে কুপিয়ে জখম করে। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে দুর্বৃত্তেরা তাঁর স্ত্রী আকলিমা বেগম (৪৫), ছেলে মিরাজ হোসেন (২৬) ও প্রতিবেশী লিটন হোসেনকে (২২) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহতদের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নুরু মোড়ল দাবি করেন, তাঁর হাত ও পায়ে গুলি করা হয়েছে। তবে পুলিশ বলছে, তাঁর শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি।কেরানীগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ জাকারিয়া মেম্বার পদপ্রার্থী নুরু মোড়লকে কুপিয়ে আহত করার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি মেম্বার প্রার্থীকে গুলি করার বিষয়টি অস্বীকার করেন।আহতের ছেলে মিরাজের অভিযোগ, তাঁর বাবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা এ কাজ করতে পারেন।