দোহারে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
ঢাকার দোহার উপজেলায় ননী আক্তার (২৪) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই গৃহবধূর শাশুড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।গ্রেপ্তারকৃত তিনজন হলেন শাশুড়ি পিয়ারা বেগম (৫৫), ননদ হোসনে আরা (২২) ও মামা শ্বশুর সাম চৌধুরী (৫৩)।ননীর বাবার বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার মধুরচর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়ির লোকজন গতকাল রাত আনুমানিক দুইটায় গৃহবধূ ননীকে গলা টিপে হত্যা করে। পরে তারা রাত তিনটায় ননীকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করলে সঙ্গে থাকা শাশুড়ি, মামা শ্বশুর ও ননদ পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে। ননীর বাবা মালেক মোল্লা অভিযোগ করে বলেন, ননীর স্বামী মো. মাসুদ ও তাঁর পরিবারের লোকজন বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাঁর মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ বিষয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়েছে। তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন।নিহতের শাশুড়ি পিয়ারা বেগম জানান, ননীকে হত্যা করা হয়নি। স্বামীর সঙ্গে ঝগড়ার করে ননী বিষ পান করেছেন।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশীর আহমেদ বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।