দৌলতখানে আ.লীগের দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুরে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগ-সমর্থিত দুজন চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছে।স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবানীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত সোহেল হোসেন মনু ও গোলাম নবী প্রার্থী হন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ভবানীপুর ইউনিয়ন থেকে একটু দূরে শহরের টাউন হল মাঠে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে অন্তত পাঁচজন আহত হন। এঁদের মধ্যে মো. কামাল (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি সোহেল হোসেন মনুর কর্মী বলে জানা গেছে। তিনি বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। এ ব্যাপারে সোহেল হোসেন মনু অভিযোগ করেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই আরেক চেয়ারম্যান প্রার্থী গোলাম নবী তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছেন। তিনি অভিযোগ করেন, ১ মার্চ তাঁর সমর্থনে নারীকর্মীরা গণসংযোগে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এরপর ৫ মার্চ ওই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে পাঁচজনকে মারধর করে। তিনি দাবি করেন, এ বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রিটার্নিং কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লিখিতভাবে জানিয়েছেন।তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে গোলাম নবী বলেন, সোহেল হোসেন তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, সেগুলো মিথ্যা। তিনি দাবি করেন, মো. কামাল বিএনপি করে। তাঁর একজন কর্মীর সঙ্গে টাকা নিয়ে লেনদেন ছিল। এ নিয়ে হাতাহাতি হয়েছে মাত্র।দৌলতখান হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক কবির সোহেল জানান, আহত কামালের মাথায়, হাতে ও পায়ে সাতটি সেলাই লেগেছে।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবীর প্রথম আলোকে বলেন, গতকাল রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে কেউই লিখিত অভিযোগ দেয়নি।