দৌলতখানে বিলের মধ্যে ১৯টি কালভার্ট-সেতু কাজে লাগছে না
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে বিলের মধ্যে ১৯টি ছোট-বড় সেতু নির্মাণ করা হয়েছে। ওই সেতুর সঙ্গে কোনো কাঁচা কিংবা পাকা সংযোগ সড়ক নেই। স্থানীয় সরকার প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০০৪-০৫ অর্থবছরে কালভার্ট ও সেতু মিলিয়ে ১৯টি সেতু নির্মাণ করা হয়। প্রতিটি সেতু-কালভার্ট সাড়ে চার লাখ টাকা থেকে সাড়ে ১১ লাখ টাকা খরচ হয়েছে।সরেজমিনে দেখা যায়, চলতি বছরে মুসলিম এইড নামের একটি বেসরকারি সংস্থা প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করেছে। ওই কাঁচা সড়কে তিন-চারটি সাঁকো থাকলেও ১৯টি সেতুর মধ্যে একটিও পড়েনি। সংযোগ সড়ক (রাস্তা) ১৯টি সেতু এখনো অকেজো পড়ে আছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দৌলতখান উপজেলার সাবেক ২ নম্বর মদনপুর ইউনিয়ন ১৯৬৫ সালে মেঘনায় সম্পূর্ণ বিলীন হয়। ১৯৬৬ সালে ইউনিয়নটি আবার জেগে ওঠে। ১৯৮৫ সালে দ্বিতীয়বার বিলীন হওয়ার পর আবার জেগে ওঠে ১৯৯২ সালে। ভাঙা-গড়ার মধ্য দিয়ে বর্তমানে এর মোট আয়তন ৩২ দশমিক ৫২ বর্গমাইল। চর পদ্মা, চর মদনপুর, মধুপুর, চর টগবী ও চর মুন্সী গ্রাম নিয়ে বর্তমান মদনপুর গঠিত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ ইউনিয়নে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছে মেম্বার ও চেয়ারম্যান। সরকার থেকে বরাদ্দ পেয়েছে অন্যান্য ইউনিয়নের মতোই। বর্তমানে এই ইউনিয়নে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস।চর টগবী গ্রামের সমাজসেবক লুৎফুর রহমান পাটওয়ারী বলেন, ‘শিশুরা রাস্তার জন্য ঠিকমতো স্কুলে আসতে পারছে না। জোয়ারের সময় ছাত্ররা পানি ভেঙে স্কুলে আসে। শিশুদের বেড়ে ওঠার বাসস্থান, চারপাশের পরিবেশ, খেলার মাঠ—কোনোটির সঙ্গে কোনোটির সংযোগ নেই।’ চর পদ্মার ইউপি সদস্য মো. মাইনুদ্দিন জানান, রাস্তাঘাট না থাকায় মদনপুরে সরকারি কি বেসরকারি কোনো প্রতিষ্ঠান সেবা দিতে আসতে পারছে না। ফলে মদনপুরে শিশু ও নারীরা টিকা পাচ্ছেন না। সরকারের ইপিআই কার্যক্রম মদনপুর ইউনিয়নে নেই। চিকিৎসাসেবা ও প্রজনন স্বাস্থ্য থেকে মদনপুর একেবারেই বঞ্চিত হচ্ছে। ইউনিয়নের গ্রামপুলিশ মো. জাহাঙ্গীর আলম জানান, ইউনিয়নে রাস্তা না থাকায় মদনপুরবাসী মারাত্মক সমস্যায় পড়ছে। একটি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে ভোলা পৌঁছাতে পাঁচ-সাত ঘণ্টা লেগে যায়। এর মধ্যে অনেক শিশুর মৃত্যুও হচ্ছে। অভাব আর রাস্তাঘাট না থাকায় চরে বসেই প্রতিবছর শতাধিক শিশুর জন্ম ঘরে বসেই হচ্ছে। এতে নবজাতক ও মায়েদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।মদনপুর গ্রামের ছায়েব আলী খলিফা (৬৫), আমান উল্যাহ মুন্সি (৬২), মোস্তফা কামালসহ একাধিক কৃষক জানান, খাল-বিলের পানি ডিঙিয়ে যেতে হয় খাওয়ার পানি আনতে। এই কষ্টে তাঁরা বাধ্য হয়ে খালের পানি পান করেন। ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ দস্তগীর প্রথম আলোকে বলেন, ইউনিয়নটি নিচু এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে ডুবে যায়। এখানে ছয় ফুট উঁচু রাস্তা নির্মাণ করা দরকার, নইলে বর্ষায় ডুবে যাবে। হিসাব করলে ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার সড়ক ও ইউনিয়নের চারপাশ দিয়ে একটি রিংবাঁধ দরকার। রাস্তাগুলো হচ্ছে—কাচিয়া ইউনিয়ন সীমান্ত খেয়াঘাট থেকে মধুপুর পর্যন্ত সড়ক, মফিজুল করাতির ঘর থেকে পাটওয়ারী বাজার পর্যন্ত সড়ক, পাটওয়ারী বাজার থেকে দক্ষিণে চর পদ্মা বাজার সড়ক, চর পদ্মা বাজার থেকে চর মুন্সির শেষ সীমানা সড়ক, পাটওয়ারী বাজার থেকে রুপা কলোনি সড়ক, পাটওয়ারী বাজার থেকে মদনপুর সড়ক, পাটওয়ারী বাজার থেকে খেয়াঘাট সড়ক, চর পদ্মা বাজার থেকে চর পদ্মা খেয়াঘাট সড়ক, চর পদ্মা বাজার থেকে আমানুল্যাহ মালের বাড়ি পর্যন্ত সড়ক এবং মশু পণ্ডিতের বাড়ি থেকে পাটওয়ারী বাজার পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণ করা জরুরি। সড়ক না থাকায় গ্রামবাসী খেতের আল, বাড়ির উঠোন দিয়ে ও খাল সাঁতরে যাতায়াত করে।বারবার ওপরে বলেও সড়ক নির্মাণের জন্য তেমন কোনো বরাদ্দ বিগত সরকারের সময় আসেনি। তবে ১৯টি ছোট-বড় সেতু-কালভার্ট নির্মাণ করেছে। মদনপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বেনজির আহমদ জানান, মদনপুরের জমি দুই ফসলি। কিন্তু এত ঊর্ব্বর! যা চাষ করে, তা-ই হয়। রাস্তাঘাট না থাকায় কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল ভোলা বাজারে নিতে না পারায় সঠিক মূল্য পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরা কম মূল্যে কৃষি পণ্য কিনছেন। সড়ক যোগাযোগ উন্নত হলে মদনপুরের সব কৃষক উপকৃত হবেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দৌলতখান উপজেলা প্রকৌশলী মো. সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মদনপুরে আগে ব্রিজ-কালভার্টগুলো নির্মাণ করা হয়েছে, সে অনুসারে পরে সড়কের কাজ করা হবে। তবে কেন এখনো সড়ক নির্মাণ হয়নি তা না দেখে বলতে পারব না।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জমির মালিকেরা জমি দিলে তবে আমরা রাস্তা করে দিতে পারব।’