দৌলতখানের মেঘনা থেকে দুই কোটি টাকার খাদ্যদ্রব্য লুট
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে গত বুধবার একটি বড় ট্রলার থেকে দুই হাজার ১০০ বস্তা চাল, আট বস্তা চিঁড়াসহ প্রায় দুই কোটি টাকার খাদ্যদ্রব্য লুট হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লুট হওয়া ৫৪ বস্তা চালসহ একটি ইঞ্জিনচালিত নৌকা দৌলতখানের ভবানীপুর গ্রামে আওয়ামী লীগের এক নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার করেছে।ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক জাফর উল্যাহ সওদাগর জানান, বুধবার চাঁদপুর থেকে তাঁর ট্রলারটি দুই হাজার ১০০ বস্তা চাল, আট বস্তা চিঁড়া, তেলসহ প্রায় দুই কোটি টাকার মুদি মালামাল নিয়ে সন্দ্বীপের উদ্দেশে রওনা হয়। বিকেল চারটার দিকে দৌলতখান উপজেলার বৈকণ্ঠপুর চরে ট্রলারটি আটকে যায়। পরে ট্রলারটির তলা ফেটে ডুবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় জেলেদের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু জেলেরা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়।ট্রলারের মাঝি আলী আহাম্মদ ও স্থানীয় জেলেরা অভিযোগ করেন, দৌলতখান পৌরসভার সাবেক কমিশনার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল হোসেন ওরফে ছোট মনু তাঁর জেলে বাহিনী দিয়ে ট্রলারের মালামাল লুট করেন। এর মধ্যে ১৫০ বস্তা চাল গতকাল জেলা সদরে পাঠিয়ে বিক্রি করা হয়েছে।দৌলতখান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ফোরকান প্রথম আলোকে জানান, মালামাল লুটের ঘটনায় মালিকপক্ষ গতকাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওসি দাবি করেন, ৫৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় সোহেলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। লুট হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।সোহেল হোসেন বলেন, ‘ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামীতে আমি নির্বাচন করব। এ জন্য আমার বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।’ তিনি দাবি করেন, ট্রলারের মালিক সহযোগিতা চাইলে তিনি লুটেরাদের কাছ থেকে ৫৪ বস্তা চাল উদ্ধার করে দৌলতপুর থানায় হস্তান্তর করেন।