দৌলতদিয়া ঘাটের সংযোগ সড়ক নদীতে বিলীন, পারাপার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর সংযোগ সড়কটি আজ রোববার ভোরের দিকে নদীতে বিলীন হয়ে গেছে। এতে ফেরিতে যানবাহন উঠানো-নামানোসহ পারাপার বিঘ্নিত হচ্ছে। নৌপথে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পাটুরিয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটসহ উভয় পারের মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের।পারাপারের জন্য অপেক্ষমাণ যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় পাড়ে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে শতাধিক বাস পাটুরিয়া পারে আসার অপেক্ষায় আছে। পাটুরিয়ায়ও বাসের দীর্ঘ সারি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার পর থেকে পারাপারের জন্য অপেক্ষমাণ বাসের সংখ্যা আরও বাড়তে পারে।প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার রাত নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে যাত্রীদের কথা বিবেচনা করে বাতাস আর ঢেউয়ের মধ্যেই শুক্রবার বেলা ১১টার পর ফেরি চালু করা হয়। বাতাসের গতিবেগ বেড়ে গেলে শুক্রবার রাত পৌনে আটটায় আবারও ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে রাত একটার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় উভয় পারের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।