দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট
আবারও ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে নয় ঘণ্টা দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার মধ্য রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে তিনটি, পাটুরিয়া ঘাটে পাঁচটি ও দৌলতদিয়ায় একটি ফেরি দিক হারিয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। ফলে দুই ঘাটেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে আটকে পড়া যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশা বেড়ে যাওয়ায় দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি কেরামত আলী ও শাহজালাল রাত সাড়ে ১০টার দিকে মাঝ নদীতে আটকা পড়ে। একই সময় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরিটি নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।অন্যদিকে, কুয়াশার কারণে মাঝ নদীতে দিক হারিয়ে ফেরি আটকে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া কর্তৃপক্ষ রাত পৌনে ১১টার দিকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে এমন পাঁচটি ফেরিকে না ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। ওই সময় দৌলতদিয়া প্রান্তে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও শাহ আলী নামে দুটি ফেরি নোঙর করে থাকে। এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় গতকাল রাত থেকেই দক্ষিণাঞ্চলমুখী প্রায় ৩০০ যানবাহন পাটুরিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে আটকে থাকে। একইভাবে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় তিন কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, কুয়াশার কারণে বুধবার মধ্য রাত দেড়টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পুনরায় বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে নয় ঘণ্টা ফেরি বন্ধ ছিল। এতে পাটুরিয়া প্রান্তে এখনো প্রায় ৩০০-র মতো যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে।দৌলতদিয়া ঘাটে কর্মরত টার্মিনাল তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম জানান, কুয়াশায় সাড়ে নয় ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ থাকায় যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।