দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে আজ রোববার ভোর ছয়টা থেকে তিন ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকার পর সকাল নয়টায় আবার চালু হয়েছে। ওই সময় উভয় ঘাটে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ জানান, ভোর ছয়টার দিকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে কর্তৃপক্ষ উভয় ঘাটে ফেরি ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এ সময় আমানত শাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও কুমারী নামে তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে ছিল। পরে সকাল নয়টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে আবারও ফেরি চলাচল শুরু হয়।এদিকে ফেরি স্বল্পতার কারণে কয়েক দিন ধরেই উভয় ঘাটে যানজট ছিল। আর আজ কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় এই যানজট তীব্র আকার ধারণ করে।