দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে আজ সোমবার ভোর পাঁচটা থেকে তিন ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে উভয় ঘাটে আবার ফেরি চলাচল শুরু হয়। ওই সময় উভয় ঘাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফউল্লাহ খান ও দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে কর্তৃপক্ষ ভোর পাঁচটার দিকে উভয় ঘাটে ফেরি ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এনায়েতপুরী, শাহ আলী ও কুমারী ২৪টি নৈশকোচ এবং ২০টি ট্রাক নিয়ে আটকা পড়ে। পাশাপাশি ৪৫টি নৈশকোচ নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে কেরামত আলী, আমানত শাহ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে চারটি ফেরি আটকা পড়ে।পরে সকাল আটটার দিকে কুয়াশা কাটতে শুরু করলে উভয় ঘাটে ফেরি চলাচল শুরু হয়।