দৌলতদিয়া-পাটুরিয়ায় নতুন নৌ চ্যানেল চালু
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের একটি নতুন চ্যানেল আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলে দেওয়া হয়েছে। স্থায়ীভাবে খননের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই চ্যানেলটি চালু করল।বিআইডব্লিউটিএ খনন বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মতিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নতুন চ্যানেলটি দৈর্ঘ্যে প্রায় এক হাজার ফুট, প্রস্থে ২৪০ ফুট। নতুন চ্যানেল চালু করার পরে দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ‘শাহ জালাল’ ও ‘শাহ মখদুম’ নামের দুটি রো রো (বড়) ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া পাটুরিয়া প্রান্ত থেকে ১৩টি ট্রাক, একটি বাস ও আটটি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ফেরি ‘আমানত শাহ’ সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে যায়। চ্যানেলটিতে দুটি ড্রেজারের মাধ্যমে সাড়ে ১০ ফুট থেকে ১১ ফুট করে পানির গভীরতা নির্ধারণ করা হয়। আবদুল মতিন বলেন, চ্যানেল ঠিক রাখার জন্য খননকাজ চলবে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, নতুন চ্যানেল দিয়ে ফেরিগুলো যাতায়াত করছে। তবে দু-এক দিন গেলে বোঝা যাবে, কোথাও কোনো সমস্যা আছে কি না। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ভোর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল ফেরি আমানত শাহ আজ বিকেলের দিকে চালু হয়েছে। ফেরিগুলো ঠিকভাবে যানবাহন পার করতে পারলে কোনো ঘাটে যানবাহনের চাপ পড়বে না।