দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলেনি ১২ ঘণ্টা
ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) অর্পণ কুমার চন্দ জানান, গতকাল সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা বেড়ে গেলে সাড়ে ১০টার দিক থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী ও অপরাজিতা এবং দৌলতদিয়া ঘাটে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহজালাল, শাহ পরান, শাহ আলী, কপোতী ও দোলনচাঁপা আটকা পড়ে। এসব ফেরিতে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক, বাস ও ছোট গাড়ি এবং আট হাজার যাত্রী আটকা পড়ে। ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার এবং গোয়ালন্দ-ফরিদপুর সড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। জনদুর্ভোগ ও যানজটের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লি¬উটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, সকাল সাড়ে ১০টার দিক থেকে ফেরি চলাচল শুরু হয়।