২১ ঘণ্টা বন্ধ থাকার পর কাওরাকান্দি-মাওয়া নৌপথে ফেরি চলাচল গতকাল শনিবার বেলা দুইটা থেকে শুরু হয়েছে। দুপুরে কাওরাকান্দি ঘাট থেকে একটি রো-রো ফেরিসহ তিনটি ফেরি মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। মাওয়া থেকে একটি রো-রো ফেরি কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে আসে। প্রায় এক দিন ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের উভয় পাশে গতকাল ছিল দীর্ঘ যানজট। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার ও পাটুরিয়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটারজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ে।কাওরাকান্দি ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজটের কবলে পড়ে নারী, শিশুসহ হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ঘাটে নেই কোনো যাত্রী ছাউনি, নেই রাতে থাকার সুব্যবস্থা। এ ছাড়া ঘাট এলাকায় অধিক দামে খাবার কিনে খেতে হচ্ছে যাত্রীদের। হাতে অতিরিক্ত টাকা না থাকায় অনেকে বিপাকে পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, গতকাল বেলা দুইটায় অল্প সংখ্যক গাড়ি নিয়ে কাকলী, কেতকী ও রো-রো ফেরি শাহ মখদুম কাওরাকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। মাওয়া ঘাট থেকে রো-রো বীরশ্রেষ্ঠ রুহুল আমীন কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে আসে।পাঁচ্চর সড়ক পুলিশের সার্জেন্ট মো. খালিদ জানান, স্রোতের কারণে ছয় দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে প্রতি ঘণ্টায় যানজট বেড়েই চলছে। যাত্রীদের দীর্ঘ পথ হেঁটে কাওরাকান্দি ঘাটে পৌঁছাতে হচ্ছে।বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। নদীতে তীব্র স্রোত থাকায় অতি ক্ষমতাসম্পন্ন ফেরি ইঞ্জিনের সব ক্ষমতা প্রয়োগ করেও স্রোতের প্রতিকূলে এগিয়ে যেতে পারছিল না। তাই শুক্রবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সরেজমিন দেখা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট থেকে সড়কের প্রায় তিন কিলোমিটারজুড়ে বাস-ট্রাকসহ কয়েক শ গাড়ি আটকে রয়েছে। অনেকে দু-তিন কিলোমিটার দূরে বাস থেকে নেমে হেঁটে ঘাটে যাচ্ছে। এ সময় ঈগল পরিবহনের একটি বাসের চালক লিটন মৃধা জানান, খুলনা থেকে ঢাকার পথে তাঁর গাড়িটি সকাল আটটার দিকে দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। দুপুর সাড়ে ১২টায়ও এ রকম কয়েক শ দূরপাল্লার বাস ও অন্যান্য পণ্যবাহী গাড়ি এখানে আটকে থাকে। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন মুন্সি জানান, মাওয়া-কাওরাকান্দি পথে শুক্রবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রাখায় সেদিন সন্ধ্যার পর থেকে দৌলতদিয়ায় যানজট দেখা দেয়।বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, দৌলতদিয়া-পাটুরিয়া পথে ১১টি রো-রো ফেরির স্থলে বর্তমানে মাত্র সাতটি চলছে। বাকি চারটি বিভিন্ন সমস্যার কারণে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। ফেরিস্বল্পতা ও তীব্র স্রোতের কারণে প্রায় দ্বিগুণ সময় লাগায় যানজট দেখা দিয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহামঞ্চদ চৌধুরী জানান, মাওয়া-কাওরাকান্দি পথে ২১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ওই পথের সব গাড়ি এখন এই পথ দিয়ে আসা-যাওয়া করে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। শরীয়তপুর-চাঁদপুর ঘাটেও যানজট: শরীয়তপুর প্রতিনিধি জানান, ফেরিস্বল্পতার কারণে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাটে শত শত গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। আট কিলোমিটার ঘুরে ঈশানবালা চ্যানেল দিয়ে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল করছে। এ পথ থেকে একটি ফেরি অন্যত্র নেওয়ায় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মাওয়া-কাওরাকান্দি পথে ফেরি চলাচল বন্ধ থাকায় এখানে গাড়ির চাপ বেড়ে গেছে।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর নৌপথে কেতকী, করবী, কস্তুরী নামে তিনটি ফেরি চলাচল করত। ২২ সেপ্টেম্বর কেতকী ফেরিটি মাওয়া ঘাটে নিয়ে যাওয়া হয়।