দৌলতদিয়া রেস্ট হাউসের নানা সমস্যা
রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটের রেস্ট হাউসটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। জানা গেছে, ১৯৯২ সালে জেলা পরিষদ দৌলতদিয়া ঘাটে মহাসড়কের পাশে দুই বিঘা জমির ওপর দোতলা রেস্ট হাউস ভবন নির্মাণ করে। ভবনে ১১টি কক্ষ আছে। সরেজমিনে দেখা যায়, ভবনের নিচ তলার দুটি কক্ষ বিআইডব্লিউটিসি ও একটি কক্ষ টেলিফোন বিভাগের দৌলতদিয়ার পিসিও অফিসের কাছে ভাড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় তলায় তিনটি কক্ষ ভিআইপিদের থাকার জন্য ব্যবহূত হয়। বাকি পাঁচটি কক্ষের মধ্যে দুটি রেস্ট হাউসের কেয়ারটেকার জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। অন্য তিনটি কক্ষ অব্যবহূত অবস্থায় পড়ে আছে। রেস্ট হাউসে পর্যাপ্ত আসবাব ও বিছানাপত্র নেই। ঘরের দরজা, জানালা ও বাথরুমের অবস্থা খুবই নাজুক। সীমানাপ্রাচীর অরক্ষিত। কেয়ারটেকারের থাকার জন্য ভবনের পেছনে একটি ঘর থাকলেও সেখানে মুরগির খামার রয়েছে।এ ব্যাপারে জয়নাল আবেদীন বলেন, ‘আমার থাকার জন্য নির্ধারিত ঘরটি বসবাসের অনুপযোগী। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এখানে থাকি।’রেস্ট হাউসে অবস্থানরত বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, দুটি কক্ষের জন্য প্রতি মাসে তাঁদের দুই হাজার ৭৬ টাকা ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধার খুবই অভাব রয়েছে। অফিসের প্রতিটি কক্ষের জানালা ও বাথরুমের অবস্থা এতই খারাপ যে অনেকটাই ব্যবহারের অনুপযোগী। এ ছাড়া স্থানীয় মাদকসেবীরা অনেক সময় আড্ডাও দেয়।এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রাশেদ খান জানান, দৌলতদিয়ার রেস্ট হাউসটি সংস্কারের জন্য এক মাস আগে দুই লাখ টাকার একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হাতে এলেই কাজ শুরু করা হবে।