দৌলতদিয়ায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট মোড় এলাকায় নদী পারের অপেক্ষায় ছিল কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহনের একটি বাস। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ওই বাসে তল্লাশি চালিয়ে যাত্রী জিবরুল বিশ্বাস (২২), তাঁর ছোট ভাই সোহেল বিশ্বাস (২০) এবং বন্ধু মিজানুর রহমান ওরফে মিজানের (২২) কাছে থাকা ব্যাগ থেকে একটি বন্দুক ও সাতটি গুলি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া জিবরুল বিশ্বাস ও সোহেল বিশ্বাস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কেশবপুর গ্রামের সাকের বিশ্বাসের ছেলে এবং মিজান একই উপজেলার জৈকমুড়া গ্রামের আবদুল মজিদ ওরফে মজিবর রহমানের ছেলে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ বুধবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।