দৌলতদিয়ায় গুলিসহ পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১
পুলিশ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে একটি বাসে তল্লাশি চালিয়ে ১২টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার এ ঘটনায় মশিয়ার রহমান (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মুন্সি প্রথম আলোকে জানান, গতকাল রাতে পুলিশ সদস্যরা দৌলতদিয়া ঘাটের বুকিং কাউন্টারের সামনে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ বাসগুলোতে অভিযান চালায়। এ সময় তাঁরা যশোর থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের যাত্রী মশিয়ার রহমানের দেহ তল্লাশি করে। মশিয়ারের কাছ থেকে ১২টি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায় মশিউরের বাড়ি যশোরের শার্শা থানার নাভারন ইউনিয়নের শ্যামলাগাছি গ্রামে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করা হয়েছে। থানা হেফাজতে মশিয়ার নিজেকে একজন কৃষক দাবি করে জানান, অভাবের কারণে দুই হাজার টাকার বিনিময়ে অস্ত্রটি বহন করে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন।