দৌলতদিয়ায় ডুবোচর থেকে একটি ফেরি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দ ফেরিঘাটে আজ শুক্রবার ভোর থেকে ডুবোচরে আটকে থাকা দুটি ফেরির একটি উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিয়ের উদ্ধারকারী জাহাজ সকাল সাড়ে ১০টার দিকে ফেরিটি উদ্ধার করে। অপর ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে। দুটি ফেরিতে ৩৯টি গাড়ি ও অনেক যাত্রী রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর সোয়া চারটার দিকে পাটুরিয়া থেকে ফেরি শাহপরান ১৭টি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। একই সঙ্গে ফেরি খানজাহান আলী ১৬টি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে ছেড়ে আসে। ভোর পৌনে পাঁচটার দিকে ফেরি দুটি দৌলতদিয়া তিন নম্বর ঘাটে ভেড়ার সময় ডুবোচরে ধাক্কা খেয়ে পাশের আরেকটি ডুবোচরে গিয়ে আটকে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ফেরি শাহপরান উদ্ধার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত খানজাহান আলী ফেরিটি আটকে ছিল। বিআইডব্লিউটিয়ের উদ্ধারকারী জাহাজ আশা উদ্ধারকাজ পরিচালনা করছে বলে জানা গেছে।দৌলতদিয়া কার্যালয়ের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস হাওলাদার জানান, গত তিন দিন ধরে এই রুটে পানি কমছে। আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার পানি কমেছে। নাব্যতা-সংকটের কারণে গতকাল থেকে জাহাজের মাস্টারদের কম গাড়ি নিয়ে পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে।দৌলতদিয়া কার্যালয়ের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, বর্তমানে নাব্যতা-সংকটের কারণে ফেরিগুলো খুব ধীরগতিতে চলাচল করছে। তবে পূজার ছুটির ও বেনাপোল বন্দর বন্ধ থাকায় যানবাহনের চাপ কম বলে জানান তিনি। ফেরি দুটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।