দৌলতদিয়ায় তিন শতাধিক ট্রাক ও গাড়ি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের হরতালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী তিন শতাধিক ট্রাকসহ অন্যান্য গাড়ি। গতকাল সোমবার কিছু গাড়ি পুলিশের সহযোগিতায় ঘাট ছেড়ে গেলেও হরতাল-সমর্থকদের হামলার ভয়ে অধিকাংশ গাড়ির চালক ঘাট ছাড়েননি।গতকাল দুপুরে গিয়ে দেখা গেছে, দৌলতদিয়ার ট্রাক টার্মিনালসহ মহাসড়কের দুই পাশে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য গাড়ি দাঁড়িয়ে আছে। সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের চালক আলাউদ্দিন সরদার বলেন, ‘রোববার রাত তিনটার দিকে ঘাটে পৌঁছে সিরিয়ালে আটকা পড়ি। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা অনেক পরিবহনকে ঘাট কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে পার করালেও আমরা পার হতে পারিনি। সকাল হলে ঝুঁকি না নিয়ে টার্মিনালের এক পাশে আশ্রয় নিই। পকেটে যে টাকা আছে, তা দিয়ে কাটানো কষ্ট হবে।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘সবগুলো ফেরি সচল থাকলেও উভয় ঘাটে পণ্যবাহী কয়েক শ ট্রাকসহ অন্যান্য গাড়ি বসে আছে। তবে অনেকেই খুব সকালে নদী পাড়ি দিয়ে নিজ গন্তব্যে ছুটে যাবে।’গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বললেন, ‘হরতালে হামলা, ভাঙচুরের ভয়ে অনেক পরিবহনের চালক ঘাট ছাড়তে রাজি হচ্ছেন না। এ কারণে ঘাটের টার্মিনাল ও মহাসড়কে কিছু গাড়ি আটকে রয়েছে। তবে কেউ আমাদের সহযোগিতা নিয়ে যেতে চাইলে আমরা তাদের এগিয়ে দিয়ে আসছি।’