দৌলতদিয়ায় পিস্তলসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা থেকে পুলিশ গতকাল শুক্রবার গভীর রাতে মো. মোকতার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। আশা সুপার মার্কেটের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে আশা সুপার মার্কেটের সামনে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রী মোকতারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, মোকতারের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার রামগোপালপুর গ্রামে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। তাঁর ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার জন্য মুন্সিগঞ্জ সদর থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।তবে গ্রেপ্তার মোকতার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অস্ত্রটি তাঁর পাশের সারির সিটের কাভারের ভেতর ছিল। পুলিশকে দেখে ওই সিটের যাত্রী দৌড়ে পালিয়ে গেছে।