দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত, তীব্র যানজট
রাজবাড়ীর দৌলতদিয়ার অ্যাপ্রোচ চ্যানেলের প্রবেশমুখে ডুবোচরে সাড়ে তিন ঘণ্টা আটকা পড়েছিল ‘শাহপরান’ নামের ফেরিটি। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ফেরিটি আটকা পড়ে। পরে সাড়ে নয়টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এ সময় দৌলতদিয়া অংশে তিনটি ফেরি এবং বিপরীত দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা চারটি ফেরি দুই ঘণ্টারও বেশি সময় নদীতে নোঙর করে থাকে। পরে ড্রেজিং ইউনিটের সহযোগিতায় সাড়ে আটটার দিকে ওয়ান ওয়ে ব্যবস্থায় খুব ধীরে ফেরিগুলো আসা যাওয়া করে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, নদীতে তীব্র নাব্যতা সংকটের কারণে অর্ধেক পরিমাণ যানবাহন নিয়ে ফেরিগুলো চলাচল করছে। এ ছাড়া স্রোতের কারণে অনেক সময় লাগছে। এসব কারণে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে আছে। এ ছাড়া ঘাটে যানজট এড়াতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকগুলো আটকে রাখা হচ্ছে। সেখানেও তিন শতাধিক ট্রাক আটকে আছে। অপর দিকে একই সমস্যার কারণে পাটুরিয়া প্রান্তেও তিন শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। বিআইডব্লিউটিয়ের উপসহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন ভূঁইয়া জানান, গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি কমেছে। ফলে ফেরি চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড স্রোতের কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।