দৌলতদিয়ায় ব্যতিক্রমধর্মী হলিডে ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিভিন্ন বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী হলিডে ক্যাম্প। গতানুগতিক শিক্ষাব্যবস্থার একঘেয়েমি কাটিয়ে উঠে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়। দৌলতদিয়ায় অবস্থিত কেকেএস বেসরকারি শিশু প্রাথমিক বিদ্যালয় মাঠে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।দক্ষিণ কোরিয়ার অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান দাউমের সহায়তায় সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া ও স্থানীয় উন্নয়ন সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ‘হলিডে ক্যাম্প ফর ক্রিয়েটিং আর্ট অ্যান্ড থিংকিং’ নামের এই ক্যাম্পের আয়োজন করে।ক্যাম্পের প্রথম তিন দিন বাছাই করা ৫০ জন ছাত্রছাত্রীকে চিত্রাঙ্কনের ওপর প্রশিক্ষণ দেন ঢাকা থেকে আগত পাঁচজন চিত্রশিল্পী। শেষ দুই দিন দুই ভাগে ভাগ হয়ে বাকি ছাত্রছাত্রীরা নানা ধরনের চিত্রাঙ্কন করে এবং প্রশিক্ষণ নেওয়া ৫০ জন তাদের সহায়তা করে। তাদের সামান্য দিকনির্দেশনায় কোনো দিনও ছবি না আঁঁকা এসব শিক্ষার্থীর হাতে ব্যবহূত উপকরণ হিসেবে তুলে দেওয়া হয় রং, কাগজ, পাতা, কাদামাটি, আর্ট পেপার, হার্ডবোর্ডসহ নানা উপকরণ ব্যবহার করে বিভিন্ন ধরনের চমকপ্রদ ছবি আঁকে ও বিভিন্ন জিনিস তৈরি করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। শেষ দিন ৫ এপ্রিল এগুলো বিদ্যালয়ের মাঠ এবং মাঠের চারপাশে প্রায় ২৫টি স্টলের মাধ্যমে প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, কেরামত আলী, কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আবদুল জব্বার, খন্দকার আবদুল মুহিত, সুলতান উদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা রহিচ উদ্দিন, মারুফ খান, আক্তার হোসেন, আবদুল আউয়াল, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।ক্যাম্পে অংশ নেওয়া পঞ্চম শ্রেণীর ছাত্রী আসমা আক্তার, শাবানা, ষষ্ঠ শ্রেণীর ঋতু, কামরুল, সপ্তম শ্রেণীর মিজানুর, অষ্টম শ্রেণীর লিপিসহ কয়েকজন জানায়, ধারাবাহিকভাবে স্কুলের ধরাবাঁধা পাঠদান আর কড়া নিয়ম-কানুনের মধ্যে থেকে তারা অনেকটাই হাঁপিয়ে উঠেছিল। আনন্দ-বিনোদনের মধ্যে দিয়ে তাদের মেধা বিকাশের এমন সুযোগ পেয়ে তারা খুবই খুশি।সেফ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার ব্যবস্থাপক মো. মারুফ খান বলেন, ‘প্রতিটি শিশুর মধ্যে সুপ্ত কিছু ক্ষমতা ও প্রতিভা থাকে। সেটা বেশির ভাগ শিশুই বিকাশের সুযোগ পায় না। আমরা সে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছি।’