দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে নদীতে মাছ ধরার সময় মোক্তার হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।এদিকে বিএসএফের সদস্যরা যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বাংলাদেশি গরুশ্রমিক আবদুল গাফফারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাঁর লাশ উদ্ধার করে বন্দর থানার পুলিশ।কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জাহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুরের জামালপুর গ্রামের বেশ কয়েকজন জেলে সীমান্তের মাথাভাঙ্গা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ভারতের নাসিরপাড়া সীমান্তে টহলরত বিএসএফের সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বুকে গুলি লেগে লুটিয়ে পড়েন জেলে মোক্তার হোসেন। অন্য জেলেরা তাঁকে দৌলতপুরের মহিষকুণ্ডী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোক্তারকে মৃত ঘোষণা করেন। তিনি দৌলতপুরের জামালপুর গ্রামের বাসিন্দা।বিডিআরের কর্মকতা জাহিদুল জানান, গুলি করে হত্যার ব্যাপারে ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আইনুল জামাল বিএসএফের ৯০ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি দিনের আলোয় জিরো পয়েন্টে বিএসএফের সদস্যদের গুলি ছোড়ার কারণ জানতে চান। জবাবে বিএসএফের কর্মকর্তা জানান, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন। তদন্তের বিষয়টি গতকাল রাতের মধ্যে বাংলাদেশকে জানানোর কথা।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ মোক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।অন্যদিকে বেনাপোল বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, নিহত আবদুল গাফফারসহ ২২ জন শ্রমিক গরু আনতে দুই-তিন দিন আগে ভারতে যান। গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে গাফফারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ভারতে যাওয়া অন্য ২১ জনের খোঁজ পাওয়া যায়নি। বিএসএফের সদস্যরা গাফফারকে কুপিয়ে হত্যা করেছেন, এই মর্মে তাঁর স্ত্রী মালেকা বেগম থানায় একটি অভিযোগ দিয়েছেন। ওসি জানান, সুরতহাল প্রতিবেদন করার সময় গাফফারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএসএফের সদস্যরা তাঁকে কুপিয়ে হত্যা করেছেন।গাফফারের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যশোরের শার্শা উপজেলার শাঁখারীপোতা গ্রামে বাস করতেন। হাঁড়ি-পাতিল ফেরি করে বিক্রি এবং মাঝেমধ্যে ভারত থেকে গরু আনার শ্রমিক হিসেবে কাজ করতেন।ধান্যখোলা বিডিআর ক্যাম্পের নায়েব সুবেদার আহসান হাবীব প্রথম আলোকে জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া থেকে চার কিলোমিটার দূরত্বে বাংলাদেশের সীমানায় গাফফারের লাশ পাওয়া গেছে। তাই বিএসএফের সদস্যরাই যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এমনটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।