কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ মন্টু (৩৫) সাত দিন পর মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মন্টু উপজেলার প্রাগপুর গ্রামের টাইতুল শাহের ছেলে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম, মন্টু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, ১৪ জুন বেলা দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নে মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের গুলিতে মন্টু গুলিবিদ্ধ হয় বলে এলাকাবাসী জানায়। তবে পুলিশ জানায়, ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে। কে কখন আহত হয়েছে তা তাদের জানা নেই।ঢাকা থেকে মন্টুর লাশ দৌলতপুরের নিজ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।