দৌলতপুরে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিএনপি-সমর্থক বিজয়ী ইউপি সদস্য এবং আওয়ামী-সমর্থক পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দৌলতপুর উপজেলায় ১৪টি ইউপিতে নির্বাচন হয়। রিফায়েতপুর ইউনিয়নে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য সুমন মণ্ডলের কয়েকজন সমর্থক গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরাজিত প্রার্থী আমিনুদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আমিনুদ্দিনের সমর্থকেরা তাদের উপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে ১৫ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পর এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।